একটা সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে মঞ্চ আলো করে থাকতেন টলি পাড়ার একাধিক তারকা। তৃণমূলের যে কোনও অনুষ্ঠান হোক অথবা দলের হয়ে প্রচার, দেব থেকে শুরু করে চিরঞ্জিত, দেড় দশক ধরে তৃণমূলের হয়ে কথা বলেছেন একাধিক শিল্পী। কিন্তু বিধানসভা ভোটের ফলাফল বের হতেই যেন দেখা গেল অন্যরকম ছবি।
আরও পড়ুনঃ তৃণমূল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড মুখপাত্র ঋজু দত্ত
একের পর এক শিল্পী যারা একসময় তৃণমূলের হয়ে কথা বলতেন তাঁরাই বিজেপি সরকারকে জয়ের জন্য শুভেচ্ছাবার্তা জানান। কেউ কেউ আবার রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও বলেন। তবে ৯ মে কলকাতার বুকে দেখা গেল দুটি একেবারে ভিন্ন ধরনের ছবি। এই দিন ব্রিগেডের মাঠে অনুষ্ঠিত হওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যেখানে মঞ্চ আলো করে বসেছিলেন জিৎ-প্রসেনজিৎ সহ বাকিরা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে অনুষ্ঠিত হওয়া রবীন্দ্রজন্মজয়ন্তীতে দেখা মিলল না কারও।
এই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে শুধুমাত্র উপস্থিত থাকতে দেখা যায় অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়কে। এছাড়া একসময় যে তারকারা তৃণমূল সরকারের মঞ্চ আলো করে থাকতেন, তাদের মধ্যে কাউকেই দেখা যায়নি এই দিন। রূপাঞ্জনা মিত্র থেকে শুরু করে ভিভান ঘোষ, রূপঙ্কর বাগচী থেকে নচিকেতা চক্রবর্তী, দেখতে পাওয়া যায়নি কাউকেই।
এমনকি অনুপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, জুন মালিয়ার মতো তারকারাও। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়, অর্পিতা ঘোষ, কুনাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আবৃতি এবং রবীন্দ্র সংগীতের মাধ্যমে অনুষ্ঠিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়োজিত রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান।
আরও পড়ুনঃ মাথা ফাটল ওসির, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত তারকেশ্বর
অনেক তারকাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। অনেকেই ফোন তোলেননি, তবে যারা তুলেছেন তাদের মধ্যে বেশিরভাগ সেলিব্রিটি জানিয়েছেন হয় তাঁরা অসুস্থ, না হয় তাঁরা সিরিয়ালের কাজে ব্যস্ত। একদিকে যেমন নচিকেতা জানিয়েছেন তিনি অসুস্থ, ভিভান জানিয়েছেন তাঁর তাই অপারেশন হবে তাই তিনি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে ব্যস্ত।
অন্যদিকে আবার প্রিয়া, রিমঝিম, ভরত কল জানিয়েছেন সকাল থেকেই শুটিংয়ে ব্যস্ত তাঁরা। যদিও এই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ পাননি তাঁরা, তবে আমন্ত্রণ পেলেও হয়তো আসতে পারতেন না কারণ সকাল থেকেই ব্যস্ততার মধ্যেই কেটেছে এই দিন।


