মাটি চুরি ও সরকারি খাস জমি দখলের অভিযোগে ফের আইনি জটিলতায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার নদিয়ার নাকাশিপাড়ায় প্রায় ১১০০ বিঘা সরকারি খাস জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে বিক্রি এবং কয়েক হাজার মূল্যবান গাছ পাচারের অভিযোগে তাঁর-সহ মোট ১১ জনের বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের করেছেন এলাকার কয়েকজন বাসিন্দা। আদালত ইতিমধ্যেই মামলাটি গ্রহণ করেছে এবং আগামী ২৭ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। একই সঙ্গে ওই দিনের মধ্যে পুলিশকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ব্যান্ডেল স্টেশনের কাছে ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত! বাতিল এক ঝাঁক লোকাল ট্রেন
মামলাকারীদের অভিযোগ, নাকাশিপাড়া ২৪ নম্বর মৌজার অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কের ধারে প্রায় ১১০০ বিঘা সরকারি খাস জমির লিজ ২০২০ সালেই শেষ হয়ে যায়। কিন্তু তার পরেও দীর্ঘদিন ধরে বেআইনিভাবে ওই জমি থেকে বিপুল পরিমাণ মাটি কেটে অন্যত্র বিক্রি করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, প্রায় সাড়ে ৪০০ বিঘা জমির মাটি সরিয়ে ফেলা হয়েছে, যার ফলে সরকারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।
মামলাকারীদের আইনজীবী শীর্ষেন্দু দাসের দাবি, শুধু মাটি চুরি নয়, ওই এলাকায় কয়েক হাজার মূল্যবান সেগুন ও মেহগনি গাছও কেটে পাচার করা হয়েছে। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এই বেআইনি কাজ চললেও প্রশাসনের একাংশের নীরবতার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়েই এই কর্মকাণ্ড চালানো হত এবং স্থানীয় বাসিন্দাদের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হতো। এমনকি অভিযুক্তরা এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের জন্য বলতেন, “মাথায় অভিষেক দাদার হাত রয়েছে।”
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নাকাশিপাড়ার বাসিন্দা পরাশর মণ্ডল, সঞ্জয় দাস, রঞ্জিত বিশ্বাস ও অশোক হালদার আদালতের দ্বারস্থ হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই মামলায় অভিযুক্ত করা হয়েছে শাহজাহান শেখ, চাদু শেখ, হাফিজুল শেখ, হেসমত শেখ, সাইদুল শেখ, গোজলো শেখ, বিদ্যুৎ সরকার, সমীর প্রামাণিক, কিয়ামত শেখ এবং আরমান শেখকে।
আরও পড়ুনঃ ডেম্বেলের হ্যাটট্রিকে রেকর্ড, নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স
মামলায় আরও একটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, কাজের প্রলোভন দেখিয়ে এলাকার আদিবাসী সম্প্রদায়ের কয়েকজন মহিলার উপর দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চালানো হয়েছে। রাজনৈতিক প্রভাব ও নিরাপত্তার আশঙ্কায় এতদিন তাঁরা প্রকাশ্যে অভিযোগ জানাতে পারেননি বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও ডায়মন্ড হারবার জেলার কালীতলা আশুতি থানায় প্রায় ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। এবার নদিয়ার নাকাশিপাড়ায় সরকারি জমির মাটি ও মূল্যবান গাছ পাচারের অভিযোগ সামনে আসায় নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে এই অভিযোগগুলির বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। আদালতের নির্দেশ অনুযায়ী, এখন তদন্তের অগ্রগতি এবং ২৭ জুলাইয়ের শুনানির দিকেই নজর থাকবে।


