রন্ধনশালায় নিত্যপ্রয়োজনীয় উপাদান পেঁয়াজের দাম নিয়ে ফের চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে। গত এক বছরের ব্যবধানে দেশের পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে অর্ধেকেরও বেশি। বাজার দর বিশ্লেষণের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরে পেঁয়াজের গড় পাইকারি দর লাফিয়ে বেড়েছে প্রায় ৫১.৫ শতাংশ। অন্যান্য প্রধান সবজির তুলনায় বর্তমানে পেঁয়াজের বাজারদর বেশ চড়া এবং ঊর্ধ্বমুখী।
আরও পড়ুনঃ রিষড়ায় গ্যাংয়ের স্টাইলে ভাড়া ফ্ল্যাটে বসে সাইবার চক্র, পুলিশের জালে ৯ জালিয়াত
কেন এই দরবৃদ্ধি?
চলতি বছরের মে ও জুন মাসে বাজারে পেঁয়াজের দাম অত্যাধিক কমে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েন কৃষকেরা। ন্যায্য দামের দাবিতে বিভিন্ন রাজ্যে কৃষক বিক্ষোভ শুরু হলে তৎপর হয় কেন্দ্র সরকার। কৃষকদের আর্থিক সুরক্ষা সুনিশ্চিত করতে স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রকের নির্দেশে সরকারি সংস্থাগুলি সরাসরি চাষীদের কাছ থেকে পেঁয়াজ সংগ্রহ করা শুরু করে। সরকারের এই সিদ্ধান্তের পরই পেঁয়াজের পাইকারি দর বৃদ্ধি পেতে থাকে।
এক নজরে বাজারদরের চিত্র:
-
বার্ষিক পরিবর্তন: গত বছর পাইকারি বাজারে পেঁয়াজের গড় দর ছিল কুইন্টাল প্রতি ১,৩২৮.৪৯ টাকা। চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২,০১২.৬৯ টাকায়।
-
মাসিক বৃদ্ধি: জুন মাসের শেষ সপ্তাহে গড় পাইকারি দর ছিল ১,৮৪৪.৮৫ টাকা প্রতি কুইন্টাল। জুলাইয়ের শেষে তা প্রায় ৯.০৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২,০১২.৬৯ টাকায় পৌঁছেছে।
আরও পড়ুনঃ বেঙ্গল এসটিএফ-এর মেগা সাফল্য! বর্ধমান থেকে গ্রেফতার জৈশ-ই-মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
নিয়ন্ত্রিত যোগান ও জোরালো চাহিদা:
বাজার বিশেষজ্ঞদের মতে, বাজারে বর্তমানে পেঁয়াজের যোগান কিছুটা নিয়ন্ত্রিত থাকলেও চাহিদা যথেষ্ট জোরালো। সেই সঙ্গে ভালো বিক্রয়মূল্য পাওয়ার আশায় বিক্রেতাদের মনোভাবও বেশ ইতিবাচক। যদিও সাম্প্রতিক কয়েক সপ্তাহে মূল্যবৃদ্ধির গতি কিছুটা ধীর হয়েছে, তবুও দামের স্তর উঁচুতেই আটকে রয়েছে।
কবে মিলবে স্বস্তি?
জুন মাস থেকে শুরু হওয়া এই মূল্যবৃদ্ধির কারণে সাধারণ ক্রেতারা এখন প্রহর গুনছেন—কবে কমবে দাম? এই বিষয়ে আশার কথা শুনিয়েছেন কৃষি ও বাজার বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে খরিফ মরসুমের নতুন পেঁয়াজের ফলন আসতে শুরু করবে। বাজারে নতুন পেঁয়াজের সমাগম ঘটলে যোগান স্বাভাবিক হবে এবং উৎসবের মরসুমের আগেই পেঁয়াজের দাম আবার সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।


