তীব্র দাবদাহের মাঝে অবশেষে স্বস্তির খবর। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির মাঝেই এবার ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে বেশ কিছু এলাকায়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একটি উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা পূর্ব বিহার থেকে দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করা এই অক্ষরেখাটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় অতিক্রম করছে। এর প্রভাবেই আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ কোচবিহারের রাজনীতিতে নতুন উত্তাপ! গ্রেফতারির ‘ভয়ে’ মহকুমাশাসকের শরণে তৃণমূল নেতা উদয়ন
দক্ষিণবঙ্গের আবহাওয়া: কোথায় বৃষ্টি, কোথায় গরম?
আজ থেকে ২৭ এপ্রিলের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিলোত্তমা কলকাতায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৭ দিন কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে গরম ও অস্বস্তি বাড়বে।
সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বৃষ্টিহীন জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে। ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারে সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ অবাধ ভোটে CRPF-এর ‘অপারেশন অ্যাডভান্স অল আউট’ শুরু রাজ্যজুড়ে
উত্তরবঙ্গে বর্ষণ অব্যাহত
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির তেজ বেশি থাকবে।এ ছাড়া দুই দিনাজপুর ও মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।



