রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই বিভিন্ন জেলায় তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। কোথাও তোলাবাজি, কোথাও হামলা, আবার কোথাও দুর্নীতি বা প্রভাব খাটানোর অভিযোগে গ্রেফতারির ঘটনা ঘটছে। সেই আবহেই এবার হুগলির তারকেশ্বরে বিজেপির এক মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
আরও পড়ুনঃ GTA দুর্নীতি ফাঁসের হুঁশিয়ারি; কড়া অবস্থান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
আক্রান্ত বিজেপি নেতার নাম সাহেব মাঝি। তিনি তারকেশ্বর ব্লকের ৩ নম্বর মণ্ডলের সভাপতি। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে স্থানীয় একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। পথে তাঁর উপর হামলা চালানো হয়। এই ঘটনায় অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতা শেখ আজাহারের বিরুদ্ধে। বিজেপি নেতার দাবি, প্রথমে রাস্তায় কথা কাটাকাটি হয়। তারপর আজাহার ও তাঁর সঙ্গীরা তাঁর উপর চড়াও হন। বাঁশ দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ। মারধরের পর তাঁকে রাস্তায় ফেলে অভিযুক্তরা পালিয়ে যায়।
আরও পড়ুনঃ মোথাবাড়ি কাণ্ডে জামিন খারিজ অন্যতম মাস্টার মাইন্ড শাহজাহানের
পরে স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় সাহেব মাঝিকে উদ্ধার করে। তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ শেখ আজাহারকে গ্রেফতার করে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের বাবা তথা তালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ শাহ আলম। তাঁর দাবি, তাঁর ছেলে এই ঘটনায় জড়িত নয়। বরং তাঁর ছেলেকেই মারধর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।



