কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে যাত্রীদের জন্য বড় পরিবর্তন৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে-এর কাটিহার ডিভিশনের অধীনে নিউ জলপাইগুড়ি স্টেশনে সদ্য নির্মিত হয়েছে আরও দুটি নতুন প্ল্যাটফর্ম। এই পরিকাঠামোগত উন্নয়নের পরেই স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর ব্যবস্থায় ব্যাপক রদবদল করা হয়েছে, যা ইতিমধ্যেই কার্যকর হয়েছে।
উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের রেল যোগাযোগের ক্ষেত্রে নিউ জলপাইগুড়ি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। রাজধানী, বন্দে ভারত, অমৃত ভারত, গরিব রথ ও হামসফর-সহ একাধিক দূরপাল্লার ট্রেন প্রতিদিন এই স্টেশনে যাতায়াত করে। যাত্রী সংখ্যা এবং ট্রেন চলাচলের চাপ বাড়ার ফলে দীর্ঘদিন ধরেই স্টেশনের ক্ষমতা বাড়ানোর প্রয়োজন অনুভূত হচ্ছিল।
আরও পড়ুনঃ কেন্দ্রের বাজেটে বঞ্চনার অভিযোগ, সরব উত্তরবঙ্গের রাজনীতিকরা! চা-শিল্প, পর্যটন থেকে ধ্বস সমস্যা
এই পরিস্থিতিতেই স্টেশনের প্রধান প্রবেশপথ সংলগ্ন এলাকায় দুটি নতুন প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়। নতুন নম্বর বিন্যাস অনুযায়ী এই প্ল্যাটফর্মগুলিকে প্ল্যাটফর্ম নম্বর ১ এবং ২ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে স্টেশনে প্রবেশের পর যাত্রীদের জন্য প্ল্যাটফর্মে পৌঁছনো আরও সহজ ও দ্রুত হবে বলে রেল কর্তৃপক্ষের দাবি।
নতুন প্ল্যাটফর্ম যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই পুরনো সব প্ল্যাটফর্মের নম্বর নতুন করে নির্ধারণ করা হয়েছে। আগের প্ল্যাটফর্ম-১এ এখন প্ল্যাটফর্ম-৩ নামে পরিচিত হবে। প্ল্যাটফর্ম-১ রূপান্তরিত হয়ে হয়েছে প্ল্যাটফর্ম-৪, প্ল্যাটফর্ম-২ হয়েছে প্ল্যাটফর্ম-৫, প্ল্যাটফর্ম-৩ পরিবর্তিত হয়ে হয়েছে প্ল্যাটফর্ম-৬, প্ল্যাটফর্ম-৪ হয়েছে প্ল্যাটফর্ম-৭ এবং পূর্ববর্তী প্ল্যাটফর্ম-৫ এখন প্ল্যাটফর্ম-৮ হিসেবে চিহ্নিত।
রেল কর্তৃপক্ষের মতে, এই রি-নাম্বারিং ব্যবস্থার ফলে প্ল্যাটফর্ম ব্যবস্থাপনায় সমন্বয় আসবে এবং ট্রেন পরিচালনার সময় অপ্রয়োজনীয় জটিলতা কমবে। একই সঙ্গে যাত্রীদের বিভ্রান্তিও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
নতুন নম্বর বিন্যাস অনুযায়ী একাধিক গুরুত্বপূর্ণ দীর্ঘ দূরত্বের ট্রেনের প্ল্যাটফর্ম নির্দিষ্ট করা হয়েছে। কামাখ্যা–হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, গুয়াহাটি–রোহতক অমৃত ভারত এক্সপ্রেস, ডিব্রুগড়–নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, গুয়াহাটি–কলকাতা গরিব রথ এক্সপ্রেস এবং আগরতলা–এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস এখন থেকে প্ল্যাটফর্ম নম্বর ৬-এ দাঁড়াবে।
এছাড়া ডিব্রুগড়–চণ্ডীগড় এক্সপ্রেস এবং কামাখ্যা–আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেসের জন্য নির্ধারিত হয়েছে প্ল্যাটফর্ম নম্বর ৫। নিউ জলপাইগুড়ি–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চলবে প্ল্যাটফর্ম নম্বর ৪ থেকে। অন্যদিকে নিউ জলপাইগুড়ি–আরাএ এক্সপ্রেস রাখা হয়েছে প্ল্যাটফর্ম নম্বর ২-এ।
রেলওয়ের তরফে যাত্রীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, যাত্রার আগে স্টেশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ড, ঘোষণাব্যবস্থা এবং অফিসিয়াল রেলওয়ে তথ্যসূত্র দেখে সংশোধিত প্ল্যাটফর্ম নম্বর ভালোভাবে যাচাই করে নেওয়ার জন্য। নতুন এই ব্যবস্থা চালু হওয়ার ফলে নিউ জলপাইগুড়ি স্টেশনে যাত্রী পরিষেবা, ট্রেন নিয়ন্ত্রণ এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।





