বিধানসভা নির্বাচনের উত্তাপ বৃদ্ধির মাঝে ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৮ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন তিনি। এবারের সফরে শাহের মূল গন্তব্য নদিয়ার মায়াপুরের ইসকন মন্দির।
আরও পড়ুনঃ আচমকা ইস্তফা প্রতীক উরের; সিপিআই(এম) নেতৃত্বে ভাঙনের ইঙ্গিত!
বিজেপির কেন্দ্রীয় নেতাদের বঙ্গে যাতায়াতের এই আবহে, শাহের ইসকন সফর যথেষ্ট রাজনৈতিক গুরুত্ব বহন করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ১৮ তারিখ দুপুর ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। সেখান থেকে সেনাবাহিনীর কপ্টারে তিনি সরাসরি মায়াপুরে পৌঁছাবেন। এরপর সড়কপথে ইসকনের শঙ্খভবন ও পদ্মভবনে যাওয়ার কথা রয়েছে তাঁর। জানা গেছে, পদ্মভবনে সাধু-সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুনঃ জোর আলোচনা নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন! বিপুল জয়েও মন্ত্রিসভা ছোটই রাখছেন তারেক
এই সফরের মূল উদ্দেশ্য হল ইসকনের শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২তম জন্ম উৎসব অনুষ্ঠানে যোগ দেওয়া। এছাড়াও মন্দিরে শ্রীকৃষ্ণের আরতিও করতে পারেন অমিত শাহ। সামনেই দোল উৎসব, যার ফলে এখন মায়াপুরে দেশ-বিদেশের বহু ভক্তের সমাগম হচ্ছে। এই আবহে অমিত শাহের সফরকে ‘ভোট বৈতরণী পেরতে শ্রীকৃষ্ণের দরবারে’ বলে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ঘিরে নদিয়া জেলা প্রশাসন এবং পুলিশের মধ্যে তৎপরতা তুঙ্গে। মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং প্রশাসনিক কর্তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। উল্লেখ্য, মার্চ মাসেই ব্রিগেডে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগে শাহের এই সফর বিজেপির প্রচারকে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।









