এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের টেলিকম সেক্টর এবার একটি বড় সংযুক্তিকরণের প্রস্তুতি নিচ্ছে। মূলত, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL এবং দীর্ঘকাল ধরে লোকসানে থাকা বেসরকারি টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া তথা V! স্পেকট্রাম ভাগাভাগি এবং ফাইবার কভারেজ নিয়ে আলোচনা করছে। এদিকে, BSNL এবং V!-এর মধ্যে সংযুক্তিকরণ উভয় টেলিকম সংস্থার গ্রাহকদের জন্য উল্লেখযোগ্যভাবে লাভজনক হতে পারে। এক্ষেত্রে, গ্রাহকেরা নেটওয়ার্ক কভারেজ থেকে শুরু করে ব্রডব্যান্ড কানেক্টিভিটি সহ বিভিন্ন সুবিধা পাবেন।
মিন্ট-এর একটি রিপোর্ট অনুসারে, টেলিযোগাযোগ বিভাগ BSNL এবং V!-র মধ্যে চলমান আলোচনা সম্পর্কে একটি সংসদীয় কমিটিকে অবহিত করেছে। ব্যবহারকারীর সংখ্যা হ্রাস এবং ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণে উভয় টেলিকম অপারেটরই এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে Airtel এবং Jio যথাক্রমে ৪৩ এবং ৪৮ কোটিরও বেশি মোবাইল ব্যবহারকারী নিয়ে ভারতীয় টেলিকম সেক্টরে আধিপত্য বিস্তার করে আছে। অপরদিকে, BSNL এবং V!-র সম্মিলিত গ্রাহক সংখ্যা এই ২ টি টেলিকম অপারেটরের চেয়ে কম।
আরও পড়ুনঃ আগামীকাল সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নবান্ন
ওই রিপোর্টে গত ১৬ মার্চ লোকসভার ওয়েবসাইটে প্রকাশিত একটি রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছে। যেখানে টেলিকম সচিব সমিত আগরওয়াল সংসদীয় কমিটিকে জানিয়েছিলেন যে, BSNL এবং V!-এর মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে, এই সংযুক্তিকরণ প্রক্রিয়াটি এগোবে কিনা, তা কেবল আলোচনার পরেই জানা যাবে। এদিকে, গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি এই ২ টি টেলিকম সংস্থার মধ্যে পরিকাঠামো ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য টেলিযোগাযোগ বিভাগকে নির্দেশ দিয়েছে।
২০১৬ সালে Jio-র আত্মপ্রকাশ টেলিকম সেক্টরে এক বিরাট আলোড়ন সৃষ্টি করে। এমনকি, বেশ কয়েকটি টেলিকম কোম্পানি বন্ধও হয়ে যায়। প্রায় ওই সময়েই Vodafone এবং idea সংযুক্তিকরণের ঘোষণা করেছিল। এই সংযুক্তিকরণের পর V! দেশের বৃহত্তম টেলিকম অপারেটর হয়ে ওঠে। তবে, কয়েক মাসের মধ্যেই Jio এবং Airtel গ্রাহক সংখ্যার দিক থেকে Vi-কে ছাড়িয়ে যায়। মূলত, ক্রমাগত AGR বকেয়ার চাপে থাকায় V! তাদের নেটওয়ার্ক সম্প্রসারণে বিলম্ব ঘটায়। শুধু তাই নয়, 5G স্পেকট্রাম অধিগ্রহণ করা সত্ত্বেও, এটি চালু করতে ৩ বছর সময় লেগে যায়।
আরও পড়ুনঃ টক টু মেয়র বন্ধের নির্দেশ কমিশনের, ‘গৌতমকে বলো’ চালুর হুঁশিয়ারি
বর্তমানে, সংস্থাটি প্রায়োরিটি সার্কেলগুলিতে তাদের 5G পরিষেবা চালু করছে। এদিকে, BSNL-ও গত বছর ভারতজুড়ে 4G পরিষেবা চালু করেছে। সংস্থাটি শীঘ্রই 5G পরিষেবাও চালু করতে চলেছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সম্প্রতি নিশ্চিত করেছেন যে BSNL-এর 5G পরিষেবার জন্য প্রস্তুতি চলছে। উল্লেখ্য যে, BSNL-এর নেটওয়ার্ক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিনির্ভর এবং 5G-এর জন্য প্রস্তুত। তাই, 5G পরিষেবা চালু হতে খুব বেশি দেরি হবে না।



