দরজায় কড়া নাড়ছে পয়লা বৈশাখ। কিন্তু উৎসবের আনন্দের মাঝেই চোখ রাঙাচ্ছে প্রবল গরম! সকাল গড়াতেই চড়া রোদের দাপটে কার্যত নাজেহাল মানুষ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, এখনই স্বস্তির কোনও খবর নেই, বরং আগামী কয়েকদিনে শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই পারদ আরও চড়বে।
কলকাতায় প্যাচপ্যাচে গরম
হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার তিলোত্তমার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। তবে চিন্তার কারণ হল আপেক্ষিক আর্দ্রতা, যা সর্বোচ্চ ৮৯ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। অর্থাৎ, প্রখর রোদের পাশাপাশি ভ্যাপসা গরমে দিনভর চরম অস্বস্তি বজায় থাকবে শহরজুড়ে।
আরও পড়ুনঃ এই গান নিষিদ্ধ করা হয়েছিল দূরদর্শনে! ভাবতে পারেন
দক্ষিণবঙ্গে শুষ্ক তাপপ্রবাহ
পশ্চিম ও মধ্য ভারত থেকে ধেয়ে আসা শুষ্ক এবং গরম হাওয়ার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ বাড়ছে তাপপ্রবাহের অস্বস্তি। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া বহাল থাকবে। কালবৈশাখী বা ভারী বৃষ্টির কোনও আগাম পূর্বাভাস নেই। সপ্তাহের মাঝে দু-এক জায়গায় স্থানীয়ভাবে মেঘ জমলেও তা থেকে বড় কোনও স্বস্তির আশা দেখছেন না আবহাওয়াবিদরা।
আরও পড়ুনঃ সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠী; গাজন ও নীলষষ্ঠী পুজো
উত্তরে বৃষ্টির স্বস্তি
দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়ছে, তখন উত্তরবঙ্গে কিছুটা স্বস্তির হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই পাঁচ জেলায় আজ হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।



