সোমেন দত্ত, কোচবিহারঃ
মক পোলিং চলছিল, সেই সময়ই পৌঁছে গিয়েছিলেন বুথে। সবার প্রথম ভোট দিতেন। আঙুলে কালিও লাগানো হয়ে গিয়েছে, তারপরও ভোট দিতে পারছেন না তৃণমূল (TMC) প্রার্থী রাজীব তীর্কি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই কেন এমনটা হল?
আরও পড়ুনঃ উত্তরবঙ্গে নির্বাচন আবহে মোতায়েন ৭৮৮ কোম্পানি কেন্দ্রিয় বাহিনী
আলিপুরদুয়ার জেলার কুমার গ্রাম বিধানসভার ১০/১০১ নম্বর বুথ। দক্ষিণরামপুর নিউ প্রাইমারি স্কুলে তৃণমুল প্রার্থী রাজীব তীর্কি প্রথম ভোটার হিসাবে ভোট দিতে পৌঁছন বুথে। ভিতরে পৌঁছে প্রথম ধাপে আঙুলে কালি লাগিয়েও দেওয়া হয়। তারপর ইভিএম (EVM)-এর কাছে গিয়ে পৌঁছে ভোট দিতে গিয়ে দেখলেন ভোট হচ্ছে না।
আরও পড়ুনঃ আজ যন্ত্রবন্দি জনগণের রায় হবে; রাতে সিইও দফতরেই মনোজ
যান্ত্রিক সমস্যার কারণে ভোট দিতে পারেননি রাজীব তীর্কি। ভোট দেওয়া হয়নি, তাই আঙুলে কালি লাগিয়ে বুথের মধ্যেই ঘোরাঘুরি করলেন তিনি। তৃণমূল প্রার্থী বলেন, “আমার বুথে আমিই প্রথম ভোটার ছিলাম। মক পোলও হয়ে গিয়েছিল। সময় পার হয়ে গিয়েছে, এখনও ভোট শুরু হয়নি। ব্যালট বক্স ইনভ্যালিড দেখাচ্ছে। আমি আলিপুরদুয়ার এআরও-কে জানিয়েছি। ভোর ৫টা থেকে লোকজন দাঁড়িয়ে আছেন, ভোট দিতে পারছেন না। খুবই অসুবিধা।”



