তীব্র দাবদাহ আর কালবৈশাখীর ভ্রুকুটি এই দুইয়ের সাঁড়াশি চাপে পশ্চিমবঙ্গ। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার পারদ রীতিমত উর্ধমুখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ২৪ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে চরম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং বীরভূমের মতো জেলাগুলোতে তাপমাত্রা ৪০°C কিংবা তার বেশি থাকার সম্ভাবনা রয়েছে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪-৫ ডিগ্রি বেশি। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে লু-এর সতর্কতা জারি করা হয়েছে। চৈত্র-বৈশাখী দুপুরে তপ্ত শুকনো বাতাসের দাপটে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়।
আরও পড়ুনঃ সাতসকালে গঙ্গাবক্ষে নৌকাবিহার প্রধানমন্ত্রীর
বৃষ্টির পূর্বাভাস ও স্বস্তি
তবে এই অসহ্য গরমের মধ্যেই আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকেই দক্ষিণবঙ্গের কিছু অংশে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত আগামী ২৬ ও ২৭ এপ্রিল অর্থাৎ শনি ও রবিবার নাগাদ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট বাড়বে। কলকাতা সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া ও বাঁকুড়ায় শক্তিশালী কালবৈশাখী ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত হতে পারে, কলকাতায় যা থাকতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে।
আরও পড়ুনঃ পক্ষপাতদুষ্ট আচরণ! সাসপেন্ড হিঙ্গলগঞ্জের ওসি
উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে, উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির ধারা অব্যাহত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ২৫ এপ্রিল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। মালদহ এবং দুই দিনাজপুরে এখনও কিছুটা আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও, উত্তরবঙ্গের পাহাড়ি ও ডুয়ার্স এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত সপ্তাহান্তের এই ঝড়-বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন চাতকপ্রতীম দক্ষিণবঙ্গবাসী।



