নিরাপত্তার দোহাই দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল,অভিষেকের বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির সামনে দিয়ে ফের বাস চলবে কি?
হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির এলাকায় একসময় নিরাপত্তার কড়া বেষ্টনী থাকত। ছিল গার্ড রেল, সিজার গেট, পুলিশের কিয়স্ক, অতিরিক্ত নিরাপত্তারক্ষী।
কিন্তু বিধানসভা নির্বাচনে পালাবদল ঘটতেই সেখানকার ছবি পাল্টে গিয়েছে।
আরও পড়ুনঃ করোনাকালে ঘরে-ঘরে হাহাকার! অথচ সে-সময়ই সুজিতের ‘রেস্তোরাঁর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা’
জেড প্লাস নিরাপত্তা রেখে অভিষেকের জন্য বরাদ্দ অতিরিক্ত নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে। আর তার পরই ওই এলাকা দিয়ে শুরু হয়েছে অবাধ যাতায়াত।
আর এই প্রেক্ষাপটেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি আগামীদিনে এই রাস্তা দিয়েও আগের মতো বাস চলাচল শুরু হবে? কারণ হরিশ মুখার্জি রোডের ওই রাস্তা দিয়ে একসময় একাধিক গুরুত্বপূর্ণ রুটের বাস চলত, তার মধ্য়ে একাধিক ছিল হাওড়াগামী মিনি বাস, যেমন-নাকতলা-হাওড়া, হরিনাভি-হাওড়া, কালীতলা-হাওড়া।
অন্য়দিকে, বাবুঘাট থেকে ডায়মন্ড হারবারগামী 76 A বাসও যেত এই রাস্তা দিয়ে। ডালহৌসির যাওয়া ১৩ নম্বর বাসও এখান থেকেই ধরতে পারতেন যাত্রীরা। কিন্তু স্থানীয়রা বলছেন, বেশ কয়েক বছর ধরে এই রাস্তায় শুধু দেখা গেছে E1 রুটের বাস। নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে বাস চালানো বন্ধ রাখা হয় এবং ঘুরে যেতে বলা হয়
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘একটা দিনও দাঁড়াতে পারতাম না। কোনও বাড়িতে যেতে গেলে আমাদের ঘুরেই যেতে হয়। ৩০০ মিটার রাস্তা ঘুরতে হয়। ঢুকতেই দিত না ওদিকে। এক অত্যাচার করেছে এরা। পরিবর্তন হয়েছে। আমরা খুব শান্তি পেয়েছি।’ আর এক বাসিন্দা বলেন, ‘এখানে বাস চলত, নাকতলা, বেহালা, পর্ণশ্রীর। এখন চলে না। খুব সমস্যা হয় যাতায়াতে। বয়স্ক লোকেদের খুব সমস্যা হয়।’
আরও পড়ুনঃ বিকল্প শক্তির সন্ধানে বাংলা! ট্রামই কি হতে পারে কলকাতার তুরুপের তাস?
এ নিয়ে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের যুগ্ম সম্পাদক তপন বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘এক সময় হরিশ মুখার্জি রোড দিয়ে ৬-৭ রুট চলত। ৬ রুটের মধ্যে প্রায় ২-৩টি রুটই উঠে গিয়েছে। বাকি ২-৩ রুট ঘুর পথে যাচ্ছে। আমাদের কাছে কোনও উপায় ছিল না। নিরাপত্তার কারণে কোনও রাস্তা যদি বন্ধ হয়ে যায় বা যদি ঘুরিয়ে দেয়, সেটা আমাদের মাথা পেতে নিতে হয়েছে।’
মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় দু’জনই Z+ নিরাপত্তা পেতেন। সূত্রের খবর, কলকাতা পুলিশ এবং সিকিওরিটি কন্ট্রোল রিভিউ করতে গিয়ে দেখা গেছে, তাঁরা দু’জনই অতিরিক্ত কিছু নিরাপত্তা পেতেন। এই প্রেক্ষাপটে বিধানসভা ভোটে তৃণমূল হারার পর, হরিশ চ্য়াটার্জি স্ট্রিটে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ি,হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা।


