দায়িত্ব নেওয়ার পরেই, পুলিশ-প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই পুলিশ-প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছিলেন তিনি। বার্তা দিয়েছিলেন, হাত খুলে কাজ করার। সেই বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশিকা ও দেওয়া হয়েছিল।
আর এবার পুলিশ সূত্রে খবর, গোটা রাজ্যের সব থানায় পুলিশের শীর্ষস্তর থেকে পৌঁছে গিয়েছে নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, গোটা রাজ্য জুড়ে, বেআইনি অস্ত্র উদ্ধার করতে চালাতে হবে ব্যাপক অভিযান। এখানেই শেষ নয়, প্রত্যেকদিন কী কী হচ্ছে, কী কী অস্ত্র উদ্ধা হয়েছে, কোথায় কোথায় অভিযান চালানো হয়েছে, সেই রিপোর্ট দিতে হবে। শুধু প্রতিদিন রিপোর্ট দেওয়াই নয়, ২ সপ্তাহ পরে শীর্ষস্তরকে রিপোর্ট দিতে হবে যে, কী কী অস্ত্র উদ্ধার হয়েছে।
আরও পড়ুনঃ ‘জ়িরো টলারেন্স’; বুলডোজ়ার চলল কলকাতায়, অবৈধ ভবন ভাঙছে রাজ্য সরকার
হিংসা রুখতে পুলিশকে কড়া নির্দেশ
সূত্রের খবর, আগামী শনিবার থেকে রাজ্যজুড়ে ব্যাপক অভিযানে নামার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত অস্ত্র-বোমা উদ্ধারে পুলিশবাহিনীকে রাজ্য জুড়ে অভিযানে নামতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র অভিযানের নির্দেশই নয়, সমস্ত নির্বাচনের ওপর কড়া নজর রাখতে চায় প্রশাসন। সেই কারণেই, অভিযান শুরু করার ২ সপ্তাহ পর রিপোর্ট করতে হবে শীর্ষস্তরকে, এমনটাই বলা হয়েছে। পুলিশ সূত্রে বলা হয়েছে, থানার মালখানায় কত অস্ত্র, গোলা-বারুদ মজুত রয়েছে তা জানাতে হবে শীর্ষস্তরকে। থানায় রাখা রেজিস্টারের সঙ্গে অস্ত্র-গোলাবারুদের মিল রয়েছে কি , তা দেখে তৈরি করতে হবে রিপোর্ট। আগামী ১৫ মে-র মধ্যে এ নিয়ে রিপোর্ট জমা দিতে হবে।
আরও পড়ুনঃ পশুবলিতে কড়া লাগাম সরকারের, শংসাপত্র ছাড়া বলি নিষিদ্ধ
শুধু অস্ত্র উদ্ধার নয়, পুলিশকে আরও দায়িত্ব
প্রসঙ্গত, শুধুমাত্র রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারই নয়, পুলিশকে দেওয়া হয়েছে আরও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। খতিয়ে দেখতে হবে ২০২১-এ বিধানসভা ভোটের পর হিংসার ঘটনায় পুুলিশের দেওয়া রিপোর্টও। আরও একবার এই সব মামলা খতিয়ে দেখে দরকারে মামলাগুলির পুনরায় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, এই নিয়েও দিতে হবে আলাদা একটি রিপোর্ট। অন্যদিকে, গতকাল রাজ্যের নারী শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘থানায় অভিযোগ জানাতে এলে FIR নেওয়া হবে না, এই দিনগুলো এখন আর নেই। সবাই নির্ভয়ে, শিরদাঁড়া সোজা করে কাজ করুন। রাত ৮ টার মধ্যে বাড়ি ফিরতে হবে, এইরকম বার্তা আর দেওয়া হবে না।’


