আজ সকালে আমজনতার পকেটে জোড়া ধাক্কা। পেট্রোল-ডিজ়েলের পর এবার দাম বাড়ল সিএনজি-র। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ় প্রণালী নিয়ে জটিলতা কাটেনি। ফলস্বরূপ বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট। যার প্রভাব পড়েছে ভারতেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই দেশবাসীকে জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণের বার্তার দিয়েছিলেন। সেখানে ওয়ার্ক ফ্রম হোম থেকে গণপরিবহন ব্যবহার করা…একাধিক বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। এই আবহে যে পেট্রোল-ডিজ়েলের দাম বাড়তে পারে, তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। আজ সকাল থেকে পেট্রোল-ডিজ়েলে নতুন দাম কার্যকর হয়েছে। এবার সিএনজির দামও বাড়ানো হল। সেক্ষেত্রে সিএনজির দাম বাড়ায় কি অটো ভাড়াও বাড়তে চলেছে এবার?
আরও পড়ুনঃ আশঙ্কাই হল সত্যি, আরও দাম বাড়ল পেট্রল-ডিজেলের
জানা গিয়েছে, সিএনজির দাম ২ টাকা বৃদ্ধি পয়েছে। গতকালই মহানগর গ্যাস লিমিটেড (এমজিএল) প্রতি কেজি সিএনজির দাম ২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। তার একদিন পরেই সিএনজি দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। তবে, আজ আপাতত দিল্লিতে সিএনজির দাম বেড়েছে। কলকাতায় দাম বাড়েনি। তবে, পরপর মুম্বই ও দিল্লিতে সিএনজির দাম বাড়ার পর কলকাতাতেও দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুনঃ দিনে ২২ ঘণ্টা বিদ্যুৎ নেই! জ্বালানি শূন্য কিউবা!
আর সিএনজির দাম বাড়লে স্বাভাবিকভাবেই অটো ভাড়া বাড়বে। এর আগেও একাধিক রুটে অটো ভাড়া বেড়েছে। সেক্ষেত্রে কলকাতায় যদি দাম বাড়ে তাহলে আবারও ভাড়া বাড়াতে পারে অটো ইউনিয়নগুলি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাইভেট গাড়ি ছেড়ে গণ পরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছেন। কিন্তু সেক্ষেত্রে যদি অটো ভাড়া বাড়ে, তাহলে সেই আমজনতার পকেটেই টান পড়বে।


