দেশের রাজনীতি কোন দিকে মোড় নিতে চলেছে? ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকে এই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এই আবহে ভারতীয় রাজনীতিতে বড় পূর্বাভাস দিলেন দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচনী সমীক্ষা সংস্থা ‘অক্সিস মাই ইন্ডিয়া’-র প্রধান প্রদীপ গুপ্তা। তাঁর দাবি, ২০১৪ সালে নরেন্দ্র মোদীর হাত ধরে দেশে বিজেপির যে রাজনৈতিক আধিপত্য বা দাপটের যুগ শুরু হয়েছিল, তা কম করে আরও ২০ বছর স্থায়ী হতে পারে। সংবাদসংস্থা পিটিআইয়ের সাক্ষাৎকারে দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর মতে, কংগ্রেস যেভাবে অতীতে দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় রাজনীতির মূল কেন্দ্রবিন্দু ছিল, বর্তমান যুগে বিজেপিও ঠিক সেই জায়গায় পৌঁছে গিয়েছে। সেখান থেকে সহজে ক্ষমতাচ্যুত করা যাবে না।
আরও পড়ুনঃ ১৩ বছর পর হাওড়ায় পুরভোট এই বছরেই; ঘোষণা মুখ্যমন্ত্রীর
শতাব্দীপ্রাচীন দল কংগ্রেসের উদাহরণ টেনে প্রদীপ বলেন, ‘রাজনীতিতে প্রতিটি বিষয়ের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। অতীতে স্বাধীনতা-পরবর্তী সময়ে কংগ্রেস ১৯৭৭ সাল পর্যন্ত দেশে একচ্ছত্র শাসন চালিয়েছিল। তারপর থেকে তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেই সময়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করতেন, রাজনীতিতে একটি নির্দিষ্ট প্রজন্মের রাজত্ব বা প্রভাব সাধারণত ২০ বছর স্থায়ী হয়। বর্তমান সময়েও সেই ২০ বছরের চক্র বা ট্রেন্ড সমানভাবে কার্যকর রয়েছে।’
তবে এই দাপট ধরে রাখতে গেলে শাসক দলকে জনগণের প্রত্যাশা পূরণে আরও বেশি মনোযোগী হতে হবে। প্রদীপ স্পষ্ট করে দিয়েছেন যে বিজেপির এই টানা ২০ বছরের জয়যাত্রা কেবল ফাঁকা পূর্বাভাসের ওপর টিকে থাকবে না। শাসক জোট এনডিএ এবং বিরোধী জোটের উভয়ের ভবিষ্যৎই নির্ভর করছে বর্তমান সরকারের কাজের খতিয়ান বা পারফরম্যান্সের ওপর।
আরও পড়ুনঃ স্বস্তিতে শিয়ালদহ ডিভিশনের লক্ষ লক্ষ নিত্যযাত্রী; শিয়ালদহ স্টেশন থেকে সাফ ২৫০টি দোকান
তিনি বলেন, ‘জনগণের কাছ থেকে এত বড় জনসমর্থন পাওয়ার পরে স্বাভাবিকভাবেই বিজেপির প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা আকাশচুম্বী হয়ে গিয়েছে। তাই বিজেপি এবং এনডিএকে এখন আগের চেয়েও অনেক গুণ বেশি ভালো কাজ করে দেখাতে হবে। যতদিন পর্যন্ত শাসকদলের পারফরম্যান্স অত্যন্ত খারাপ বা দুর্বল না হচ্ছে, ততদিন পর্যন্ত তারা নির্বাচনে জিতে যাবে এবং বিরোধীরা পরাজয়ের সম্মুখীন হতে থাকবে।’



