মাথা ন্যাড়া। পরনে গেঞ্জি ও আন্ডারওয়্যার। মাথা কিছুটা নিচু করে হেঁটে চলেছেন একজন। তাঁর আশপাশে বেশ কয়েকজন পুলিশকর্মী। উত্তর হাওড়ার রাস্তায় রবিবার এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন অনেকে। কেউ কেউ চিনতে পারেন ওই ব্যক্তিকে। ফিসফাস শুরু হয়। তারপরই জানা যায়, আসল ঘটনা। যে ব্যক্তি গেঞ্জি আর আন্ডারওয়্যার পরে হেঁটে চলেছেন, তিনি উত্তর হাওড়ার একজন কুখ্যাত দৃষ্কৃতী। নাম আকাশ সিং। কিন্তু, তাঁকে পুলিশ এভাবে রাস্তায় হাঁটিয়ে নিয়ে চলেছে কেন?
আরও পড়ুনঃ তৃনমূলের নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ! সাবধান BJP, বেনোজল ঢুকছে, দায়ী স্থানীয় নেতারা
পুলিশ সূত্রে জানা গেছে, আকাশ সিং হাওড়ার একটি প্রভাবশালী অপরাধী চক্রের নেতৃত্বে ছিলেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় তিনি পুলিশের উপর গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত ছিলেন। এছাড়া একাধিক ঘটনায় ২০টিরও বেশি বোমা ছোড়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। এই মাসের শুরুতে তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু শনিবার তাঁকে অন্তর্বাস পরিয়ে হাওড়ার রাস্তায় নিয়ে প্যারেড করানো হয়।
পুলিশের লক্ষ্য ছিল স্পষ্ট অপরাধীদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া।হাওড়ার স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, কয়েকজন মানবাধিকারকর্মী এই পদ্ধতির সমালোচনা করেছেন। তাঁরা বলছেন, আসামিকে এভাবে অপমান করা আইনসম্মত নয়। তবে সাধারণ মানুষের বড় অংশ মনে করছেন, যারা সমাজে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তাদের এভাবে দেখানো দরকার ছিল।
আরও পড়ুনঃ বাংলার লজ্জা, নামতে নামতে ফলতায় ৪ নম্বরে তৃণমূল
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ বিজেপি নেতারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলছেন, বাংলায় অপরাধীদের দিন শেষ হয়ে গেছে। নন্দীগ্রাম থেকে শুরু করে হাওড়া প্রতিটি এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। শুভেন্দু অধিকারী সম্প্রতি ফলতা জয়ের পর বলেছিলেন, “ভয়ের রাজনীতির অবসান ঘটবে।” আকাশ সিংয়ের প্যারেডকে অনেকে সেই ঘোষণার বাস্তব রূপ বলে মনে করছেন।হাওড়া পুলিশ কমিশনারেট জানিয়েছে, আকাশ সিংয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাঁর সহযোগীদেরও খুঁজে বের করা হবে। পুলিশের এই অভিযান শুধু একজনকে নয়, পুরো অপরাধী চক্রকে টার্গেট করেছে।
বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন। পুলিশের উপর কোনওরকম হামলা তিনি বরদাস্ত করবেন না বলে জানিয়ে দেন। কয়েকদিন আগে পার্ক সার্কাসে দাঁড়িয়ে বলেছিলেন, “পুলিশকে পাথর ছোড়া হবে, আর পুলিশমন্ত্রী এসি ঘরে বসে থাকবে, তা হবে না।” দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জন্য পুলিশকে বার্তা দেন তিনি। তারপরই এই দৃশ্য দেখা গেল। বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যও পুলিশের এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।



