একে তো দিল্লি থেকে ফেরেননি। সিআইডি-র কাছে হাজিরা নিয়ে টালবাহানা চলছেই। তার মধ্যে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করতে চলছে কলকাতা পৌরনিগম। বেআইনি নির্মাণ ভাঙার বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে আর সময় নয়। শেষ “স্ট্যাটাস” কী, বিল্ডিং বিভাগের কাছে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট তলব পুরসভার কমিশনার তথা প্রশাসকের।
পৌর ও নগরোন্নয়ন দফতরের তরফে পৌরনিগমের কমিশনারের কাছে এব্যাপারে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ এসেছে বলে পুরনিগম সূত্রে খবর। আর নির্দেশ আসার পর পৌরনিগমের কমিশনার স্মিতা পান্ডে এবার বিল্ডিং বিভাগ এবং অ্যাসেসমেন্ট বিভাগের কাছ থেকে রিপোর্ট তলব করলেন।
১৭-২১ টি সম্পত্তিতে নোটিস দেওয়া হয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং আইনের ৪০০ (১) ধারায়, সেগুলি নিয়ে বিল্ডিং বিভাগ শেষ পর্যন্ত কী পদক্ষেপ করেছে, সেটা জানতে চেয়েছেন পুরনিগমের কমিশনার।
সূত্রের খবর, এই রিপোর্ট হাতে আসার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সম্পত্তিতে বেআইনি অংশ ভাঙার নির্দেশ দেবেন পুরসভার কমিশনার। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফে কলকাতা পুরসভাকে এব্যাপারে চূড়ান্ত সম্মতি দেওয়া হয়েছে।
হাইকোর্টে তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যদি কোনও সম্পত্তিতে বেআইনি অংশ থাকে, তাহলে কলকাতা পুরসভা তা খুঁজে বের করে ভেঙে দিতে পারবে। এই নির্দেশ কার্যকর করার জন্য কলকাতা পৌরসভার কমিশনার গত সপ্তাহের শেষ দিকে বিল্ডিং বিভাগ এবং অ্যাসেসমেন্ট বিভাগের কর্তাদের নিজের ঘরে ডেকে পাঠান। এখানে শেষ “স্ট্যাটাস” কী, সে ব্যাপারে যাবতীয় রিপোর্ট পাঁচ দিনের মধ্যে চেয়েছেন পুরসভার কমিশনার।
আরও পড়ুনঃ ষড়যন্ত্র? আলিপুরের নতুন প্রশাসনিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এবার দায়ের হল এফআইআর
পাশাপাশি, বিল্ডিং বিভাগের কর্তাদের তিনি জানিয়ে দিয়েছেন, আর সময় দেওয়া হবে না। এবার কড়া পদক্ষেপের পথে হাঁটতে হবে। কারণ হিসাবে পুরসভার কমিশনার জানিয়েছেন, আদালত থেকে নির্দেশ হাতে এসে যাওয়ায় কোনও সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারে দেরি করা চলবে না। সেক্ষেত্রে পুরসভার অন্দরমহলের দাবি, প্রতি মাসের মধ্যেই অভিষেকের সম্পত্তিতে থাকা বেআইনি নির্মাণ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন কলকাতা পৌরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পান্ডে।


