দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপে বৃহস্পতিবার এক বিরল প্রাকৃতিক ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা । বেলা সাড়ে এগারোটা নাগাদ সাগর দ্বীপের মহিষামারি এলাকায় হুগলি নদীর উপর একসঙ্গে দুটি টর্নেডোর মতো জলস্তম্ভ তৈরি হতে দেখা যায় । নদীর বুক থেকে ঘূর্ণায়মান জলরাশিকে তীব্র গতিতে আকাশের দিকে উঠে যেতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । এই অস্বাভাবিক দৃশ্য ঘিরে আতঙ্ক তৈরি হয় স্থানীয় বাসিন্দা, মৎস্যজীবী এবং নদীপথে চলাচলকারী নৌকাচালকদের মধ্যে ।
আরও পড়ুনঃ সরকারের কড়া অবস্থান,শাস্তি পাচ্ছে দুষ্কতীরাও; শুভেন্দুদের দরাজ প্রশংসা রাজ্যপালের
স্থানীয় বাসিন্দা সজল মণ্ডল বলেন, “প্রথমে নদীর মাঝখানে জল ঘুরপাক খেতে শুরু করে । এরপর কয়েক মিনিটের মধ্যেই সেই ঘূর্ণন তীব্র আকার ধারণ করে জলস্তম্ভের রূপ নেয় । আশ্চর্যের বিষয়, একটির কিছু দূরেই আরও একটি ঘূর্ণায়মান জলস্তম্ভ তৈরি হয় । জোড়া টর্নেডোর মতো এই বিরল দৃশ্য দেখে অনেকেই মোবাইলে ভিডিয়ো রেকর্ড করতে শুরু করেন । কেউ কেউ আবার ভয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন ।”
স্থানীয় মৎস্যজীবীদের বক্তব্য, এমন দৃশ্য তাঁরা খুব কমই দেখেছেন । নিমাই দাস নামে এক মৎস্যজীবী বলেন, “নদীর জল আচমকা অস্বাভাবিকভাবে ফুলে উঠতে থাকে এবং বাতাসের গতি মুহূর্তের মধ্যে বেড়ে যায় । পরিস্থিতির গুরুত্ব বুঝে নদীতে থাকা ছোট নৌকা ও মাছ ধরার ট্রলারগুলিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় ৷ অনেক ট্রলার আবার মাঝনদী থেকে ঘাটের দিকে ফিরে আসে ।”
জোড়া টর্নেডোর দৃশ্য কয়েক মিনিট স্থায়ী হয় ৷ তার পরপরই আবহাওয়ার নাটকীয় পরিবর্তন ঘটে । আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় প্রবল দমকা হাওয়া । কিছুক্ষণের মধ্যেই সাগর দ্বীপের বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টি নেমে আসে । দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় জনজীবনে সাময়িক প্রভাব পড়ে । নদী সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষজন বিশেষভাবে সতর্ক হয়ে পড়েন ।
আরও পড়ুনঃ কুরুচিকর বিজ্ঞাপন, তোপের মুখে ডিউরেক্স পাকিস্তান
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক ড. সুজিত মণ্ডল জানান, “গ্রীষ্মের সময় সমুদ্র ও নদী সংলগ্ন অঞ্চলে জলীয় বাষ্প, তাপমাত্রার পার্থক্য এবং বায়ুচাপের পরিবর্তনের কারণে কখনও কখনও এই ধরনের জলস্তম্ভ বা ওয়াটারস্পাউট তৈরি হতে পারে । যদিও সাধারণ মানুষের কাছে এটি টর্নেডো হিসেবেই পরিচিত । এমন ঘটনা বিরল হলেও উপকূলবর্তী অঞ্চলে মাঝে মাঝে দেখা যায় ।”
প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে । বিশেষ করে নদীপথে যাতায়াতকারী নৌকা, ট্রলার এবং মৎস্যজীবীদের আবহাওয়ার পূর্বাভাস মেনে চলতে বলা হয়েছে । এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি । তবে সাগরের বুকে এই বিরল প্রাকৃতিক দৃশ্য ঘিরে দিনভর চর্চা চলেছে স্থানীয় মহলে ।


