চলতি বছরে যে কয়েকটি ছবি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে, তার মধ্যে অন্যতম শীর্ষ তালিকায় রয়েছে কারি বার্কার পরিচালিত মনস্তাত্ত্বিক হরর ছবি ‘অবসেশন’ (Obsession)। মাত্র ৭ লক্ষ ৫০ হাজার ডলারের নামমাত্র বাজেটে তৈরি এই ছবিটি বিশ্বজুড়ে ২৫ কোটি ডলারের বেশি ব্যবসা করে বক্স অফিসে ইতিহাস গড়েছে। একাকীত্ব, বিষাক্ত সম্পর্ক, পুরুষের অযাচিত অধিকারবোধ এবং নারীর স্বাধীনতা হরণের মতো মনস্তাত্ত্বিক বিষয়কে পর্দায় নিপুণভাবে ফুটিয়ে তোলার জন্য ছবিটি সমালোচকদের বিপুল প্রশংসাও কুড়িয়েছে।
তবে এই সফল ছবির অত্যন্ত সংবেদনশীল প্রেক্ষাপটকে বিকৃত উপায়ে ব্যবহার করে একটি বিজ্ঞাপনী প্রচার ফাঁদার অভিযোগে এবার তীব্র জনরোষের মুখে পড়ল বিখ্যাত কন্ডোম ব্র্যান্ড ডিউরেক্স পাকিস্তান। ছবির মূল সুর এবং যৌন ‘সম্মতি’র মতো স্পর্শকাতর বিষয়কে বুড়ো আঙুল দেখিয়ে সস্তা মার্কেটিং করার দায়ে ব্র্যান্ডটির বিরুদ্ধে সমাজমাধ্যমে তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা।
আরও পড়ুনঃ বেনজির পরিস্থিতি, চরম অর্থ সঙ্কটের মুখে তৃণমূল
‘অবসেশন’-এর প্লট ও বিতর্কিত বিজ্ঞাপনী প্রচার
ছবির গল্প অনুযায়ী, বিয়ার (মাইকেল জনস্টন) নামের এক নিঃসঙ্গ তরুণ তার ছোটবেলার বন্ধু নিকি (ইন্দে নাভারেত্তে)-র ভালোবাসা পাওয়ার জন্য ‘ওয়ান উইশ উইলো’ নামক একটি অলৌকিক জিনিসের সাহায্য নেয়। তার ইচ্ছা পূরণ হলেও তা এক ভয়ানক ও মানসিক বিকৃতির রূপ নেয়, যেখানে নিকি নিজের ইচ্ছা বা স্বাধীনতার ওপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ছবির এই অংশটি মূলত একটি অস্বাস্থ্যকর ও জোরপূর্বক সম্পর্কের ট্রমাকে তুলে ধরে।
অথচ, ডিউরেক্স পাকিস্তান তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই থিমটিকে সম্পূর্ণ ভিন্ন এবং চটকদার রূপ দেওয়ার চেষ্টা করে। বিজ্ঞাপনী পোস্টে দেখা যায়— ছবির সেই অলৌকিক ‘ওয়ান উইশ উইলো’র পাশে রাখা রয়েছে একটি ডিউরেক্স কন্ডোমের প্যাকেট, আর দরজায় দাঁড়িয়ে রয়েছেন অসহায় নিকি। পোস্টের মূল ট্যাগলাইনে লেখা হয়— ‘তাকে আপনার প্রতি পাগল (Obsessed) করে তুলুন।’ আর ক্যাপশনে লেখা হয়— ‘এটি আপনার ফ্রিকি নিকিকে পাঠিয়ে দিন!’
‘দেখে বমি আসছে!’— তীব্র ক্ষোভ নেটিজেনদের
ছবির মূল নির্যাসকে অগ্রাহ্য করে এবং একপ্রকার জোরপূর্বক শারীরিক সম্পর্ককে রোমান্টিক তকমা দিয়ে বিজ্ঞাপনে তুলে ধরায় ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কড়া প্রতিক্রিয়া আসতে শুরু করে। এক ক্ষুব্ধ ব্যবহারকারী কমেন্ট করেছেন, ‘এটি দেখে আক্ষরিক অর্থেই বমি আসছে।’ অপর একজন লিখেছেন, ‘বিজ্ঞাপনের জন্য এটি অত্যন্ত জঘন্য এবং ভুল একটি রেফারেন্স।’

আন্তর্জাতিক স্তরে ডিউরেক্সকে ট্যাগ করে অন্য এক ব্যবহারকারী তোপ দেগে লিখেছেন, ‘কন্ডোমের পাশে ওই জাদুগাছটি রাখা অত্যন্ত লজ্জাজনক। আপনারা কেন পরোক্ষে অমতে শারীরিক সম্পর্ক স্থাপন বা নন-কনসেনসুয়াল সেক্স-কে প্রোমোট করছেন? আপনারা সত্যিই ভীষণ জঘন্য!’ বিতর্কের মুখে পড়ে বিজ্ঞাপনটি মুছে দেয় পাকিস্তানের ওই ব্র্য়ান্ড।
আরও পড়ুনঃ আর কিছুক্ষণেই জয়েন্টের ফলপ্রকাশ; এখানেই দেখে নিন রেজাল্ট
কাঠগড়ায় বিপণন কৌশল
চলচ্চিত্র বিশ্লেষক এবং সাধারণ দর্শকদের মতে, যেকোনো ট্রেন্ডিং বিষয়কে বিজ্ঞাপনে ব্যবহার করার একটি সামাজিক সীমা থাকা উচিত। ‘অবসেশন’ ছবিটি যেখানে নারীর অসহায়তা এবং বিষাক্ত পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে একটি জোরালো বার্তা দেয়, সেখানে ডিউরেক্সের মতো একটি বিশ্বখ্যাত ব্র্যান্ড সেই ট্রমাকেই একটি ‘মার্কেটিং গিমিক’ বা সস্তা চটকদার রসদ হিসেবে ব্যবহার করায় তাদের সামাজিক দায়বদ্ধতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে।


