রাজ্য রাজনীতিতে এবার বেনজির পরিস্থিতি! দলের অন্দরে চরম ডামাডোলের জেরে তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি জানালেন খোদ কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি দিয়ে দলের সমস্ত আর্থিক লেনদেন অবিলম্বে বন্ধ করার আবেদন জানিয়েছেন তিনি। আর এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, তবে কি এবার চরম অর্থ সঙ্কটের মুখে পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল?
আরও পড়ুনঃ শুধু পছন্দের অফিসারে না, জেড প্লাস নিরাপত্তা অক্ষত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, বিধানসভা থেকে শুরু করে লোকসভা এবং রাজ্যসভা, সর্বত্রই দলে ব্যাপক ভাঙন ধরেছে। তৃণমূলের অন্দরে বিদ্রোহী নেতাদের উত্থানে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে, বর্তমানে দলের বৈধ নিয়ন্ত্রণ বা রাশ ঠিক কার হাতে রয়েছে, তা নিয়েই ‘গুরুতর জটিলতা’ দেখা দিয়েছে। অরূপ বিশ্বাস তাঁর চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, এই ডামাডোলের জেরে কে বা কারা দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করবেন, তা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কোষাধ্যক্ষের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হলো তাঁর সই করা কিছু চেক। চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে ওই সই করা চেকগুলির মারাত্মক অপব্যবহার হতে পারে। তাই দলের তহবিলকে সুরক্ষিত রাখতে, অন্দরের সমস্যার চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত সমস্ত লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখার আর্জি জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ বড় ধাক্কা মমতার, বিধানসভায় টিম-টিম করে জ্বলবে কালীঘাট TMC
দলের এই চূড়ান্ত ডামাডোলের মাঝেই বৃহস্পতিবার মেসিকাণ্ডে অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। এর আগে তদন্তে অসহযোগিতা ও নানা কারণ দেখিয়ে তিন-তিনবার পুলিশের তলব এড়িয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু এদিন আর হাজিরা এড়াননি। সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ সটান থানায় ঢুকে যান তিনি। দীর্ঘ টালবাহানার পর অবশেষে তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি প্রাক্তন মন্ত্রী।
সব মিলিয়ে দলের অভ্যন্তরে ভাঙন, অ্যাকাউন্ট ফ্রিজের আর্জি এবং হাই-প্রোফাইল মেসিকাণ্ডে পুলিশি জেরা, বৃহস্পতিবার জোড়া অস্বস্তির কেন্দ্রে অরূপ বিশ্বাস।


