Thursday, 18 June, 2026
18 June
Homeউত্তরবঙ্গUdayan Guha: নাটকীয় পরিস্থিতি; নিরাপত্তা বলয় ভেদ করেই উদয়নকে লক্ষ্য করে ডিম

Udayan Guha: নাটকীয় পরিস্থিতি; নিরাপত্তা বলয় ভেদ করেই উদয়নকে লক্ষ্য করে ডিম

কিছু বিক্ষোভকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম ও জুতো ছুড়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য পুলিশ আগে থেকেই থানার সামনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নাটকীয় পরিস্থিতির মধ্যে দিনহাটা মহকুমা আদালতে হাজির করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে। আদালত চত্বরে তাঁকে ঘিরে বিক্ষোভে সামিল হন একদল মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে, আদালত থেকে বেরোনোর সময় পুলিশকে তাঁকে হেলমেট পরিয়ে নিরাপত্তার মধ্যে সরিয়ে নিয়ে যেতে হয়।

কেন্দ্রীয় সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে বুধবার কলকাতা থেকে গ্রেফতার হন উদয়ন। বৃহস্পতিবার দুপুরে তাঁকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়। তার আগে দিনহাটা থানা থেকে তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শারীরিক পরীক্ষা শেষে আদালতে আনা হলে সেখানে আগে থেকেই বিক্ষোভকারীদের জমায়েত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

সম্ভাব্য অশান্তির আশঙ্কায় আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই নিরাপত্তা বলয় ভেদ করেই উদয়নকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। আদালতে প্রবেশের সময় এবং বেরোনোর সময় দু’বারই উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হয় পুলিশকে। অভিযোগ, শুধু ডিম নয়, মাটি, পাথর এবং নোংরা জলও ছোড়া হয়েছে তাঁর দিকে।

আরও পড়ুনঃ সরকারের কড়া অবস্থান,শাস্তি পাচ্ছে দুষ্কতীরাও; শুভেন্দুদের দরাজ প্রশংসা রাজ্যপালের

এ দিন দিনহাটা আদালতের কোনও আইনজীবী উদয়নের পক্ষে সওয়াল করতে রাজি হননি। পরে কোচবিহার থেকে আসা এক আইনজীবী তাঁর হয়ে জামিনের আবেদন করেন। অন্য দিকে, তদন্তের স্বার্থে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। আদালত সেই আবেদন আংশিক মঞ্জুর করে উদয়নকে সাত দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানি হবে ২৫ জুন।

আরও পড়ুনঃ কড়া নির্দেশিকা জারি; নিষিদ্ধ হয়ে যাচ্ছে স্মার্টফোন

স্থানীয় সূত্রে দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই দিনহাটায় খুব একটা দেখা যেত না উদয়নকে। তিনি মূলত কলকাতার ফ্ল্যাটেই থাকতেন এবং মাঝে মধ্যে দলের বৈঠকে যোগ দিতেন। কলকাতা পুলিশের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত দুর্নীতির মামলায় দিনহাটা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। অভিযোগ, আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে মাথাপিছু ২০ হাজার টাকা করে নেওয়া হয়েছিল। তদন্তকারীদের দাবি, এইভাবে কয়েক কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন