অন্যান্য দিনের থেকে আজকের সকাল থেকে রাত, পুরোদিনটা একটু আলাদা হতেই পারত ৷ তবে, নিজেকে নিয়ে বেশি হইচই তিনি পছন্দ করেন না ৷ তাই আর পাঁচটা দিনের মতোই আপাদমস্তক সাদা ধুতি-পাঞ্জাবিতে তৈরি হয়ে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে এসে বসতে দেখা গেল তাঁকে ৷
আরও পড়ুনঃ ডাকনাম ভজন ভাল নাম বিধান
তবে, সাদার পাশাপাশি আরেকটি রং দেখা গেল তাঁর আশেপাশে ৷ লাল রঙের গোলাপ ৷ কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এই রংটা পছন্দের কমরেড বিমান বসুর ৷ তাই ৮৬ বছরের জন্মদিনে তাঁকে লাল গোলাপে শুভেচ্ছাবার্তায় ভাসালেন সহকর্মী এবং শুভাকাঙ্খিরা ৷
সকালে ঘুম থেকে উঠেই দেশ-বিদেশ থেকে ফোন পাচ্ছেন ৷ সকলেই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন ৷ এমন অনেকে রয়েছেন, যাঁরা বহু যুগ আগে দেশ ছেড়েছেন ৷ তবুও, তাঁরা কীভাবে বিমান বসুর জন্মদিন মনে রেখেছেন, সেটা ভেবে পাচ্ছেন না ৮৬ নট-আউট ‘তরুণ’ ৷ তরুণই বটে, বর্তমান প্রজন্ম যেখানে কয়েকশো মিটার হেঁটেই হাঁপিয়ে ওঠে, সেখানে আজ অনায়াসে ৫ কিলোমিটার হাঁটা তাঁর কাছে জলভাত ৷
তবে, বয়স তার ছাপ রেখে যায়, তাই মাঝে মধ্যে শ্বাসকষ্ট হয় ৷ তবুও, দলীয় কর্মসূচিতে ফাঁকি দিতে নিমরাজি বিমান ৷ কোথা থেকে পান এত এনার্জি ? কীভাবে এই বয়সেও বামফ্রন্ট চেয়ারম্যানের দায়িত্ব পালন করে চলেছেন ? বাড়ি ছাড়া, মায়ের হাতের পায়েস থেকে অনুষ্ঠান বাড়িতে গিয়ে না-খাওয়ার কারণ ৷
আজকে জন্মদিন কেমন কাটছে ?
বিমান বসু: আর পাঁচটা দিনের মতোই কাটছে ৷ স্পেশাল কিছু নেই ৷
সকাল থেকেই শুভেচ্ছা বার্তা পাচ্ছেন নিশ্চয়ই !
বিমান বসু: হ্যাঁ ৷ আমরা ঘুম ভাঙার আগেই বিদেশ থেকে প্রথম টেলিফোন পাই ৷ যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, তাঁরা বহু বছর আগে দেশ ছেড়েছেন ৷ আমেরিকার সেই শহরে ঘর বেঁধেছেন ৷ সেখানকার নাগরিকত্ব নিয়েছেন ৷ কী করে আমার জন্মদিন মনে রাখেন কে জানে !
জন্মদিনে পছন্দের পায়েস খেয়েছেন ?
বিমান বসু: হ্যাঁ ৷ এক পার্টি কমরেড খাইয়েছেন ৷ বাড়ি ছাড়ার পর, মা নিয়ম করে জন্মদিনে পায়েস পাঠাতেন ৷ যদিও, সারাবছরই কিছু না-কিছু পাঠাতেন মা ৷ মনে পড়ে ! একই ভাবে শ্যামল চক্রবর্তীর কথা পড়ে ৷ আমিও যেমন পায়েস খেতে পছন্দ করি, শ্যামলও করতেন ৷ মনে আছে, ওঁর স্ত্রী একবার আমাদের দু’জনের জন্যে আলাদা করে পায়েস তৈরি করে পাঠিয়েছিলেন ৷
জন্মদিনে কী কী উপহার পেলেন ?
বিমান বসু: সকাল থেকে তিনটি দামী কলম উপহার পেলাম ৷ অনেকে ফুল নিয়ে এসেছিলেন ৷ অধিকাংশটাই মুজাফ্ফর আহমেদের পায়ের গোড়ায় রাখা আছে ৷
আজকে কোথায় বের হবেন ?
বিমান বসু: না ৷ সেরকম পরিকল্পনা নেই ৷ অনেকেই আসছেন, ফোন করছেন ৷ সন্ধ্যায় রক্তের সম্পর্কের কিছু মানুষ আসবেন শুভেছা জানাতে ৷ তাছাড়া, পরশু কেরালা থেকে ফিরে, গতকাল আবার কালীগঞ্জ গিয়েছিলাম ৷ তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ৷ মেয়েটি ফুল ভালবাসত ৷ তামান্নার মৃত্যুর খবরে টিভিতে ওর ঘরের দেওয়ালে ওরই হাতে আঁকা ফুলের ছবি দেখেছিলাম ৷ সেটা দেখেই বুঝেছিলাম মেয়েটি ফুল ভালোবাসে ৷ ওর বাবা-মা’কে জিজ্ঞেস করতেই একই কথা জানালেন ৷ ওর কবরে ফুলের চারাটি বসিয়ে এলাম ৷ ফুটবে শীঘ্রই !
টিভি–কাগজে খবর দেখেন, পড়েন ৷ ডিজিটাল মিডিয়া বা ফোন ব্যবহার করতে মন চায় না ?
বিমান বসু: আমার দু’টো জিনিস নেই ৷ মোবাইল ও ব্যাংক অ্যাকাউন্ট ৷ কারণ, আমি আয় করি না ৷ ফলে, যার আয় নেই তাঁর ব্যাংক অ্যাক্যাউন্ট না-থাকাই উচিত ৷ পার্টির তরফে যা পাই, তা দিয়েই চালিয়ে নিই ৷ আর মোবাইলে আমার অত আগ্রহ নেই ৷ সব কিছু আমাকে বিশেষভাবে টানে না ৷
সূত্রের খবর, জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আলিমুদ্দিন স্ট্রিটের নেতাদের কাছে ফোন এসেছে মঙ্গলবার ৷ দলীয় কর্মী সমর্থকরা ছাড়াও, ভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন ৮৬’র বিমানকে ৷ বরিষ্ঠ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য আবার লাল গোলাপের তোড়া নিয়ে আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছিলেন এদিন ৷
সবশেষে, ৮৬ নট-আউটে বিমান বসুকে বঙ্গবার্তার তরফে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন ৷


