ডোমকলে ফের সিপিএমের সাফল্য, ধুলাউড়ি পঞ্চায়েতে প্রধান হলেন রুনা লায়লা বিবি
ডোমকলের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতে শেষ পর্যন্ত ক্ষমতা দখল করল সিপিএম।
বৃহস্পতিবার প্রধান নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন রুনা লায়লা বিবি।
আরও পড়ুনঃ যেমন খুশি লাফাও প্রতিযোগিতা! শেষমেশ বিজেপিতেই ৩ ‘ভাল তৃণমূল’-এর প্রাক্তন সাংসদ
ধুলাউড়িতে সিপিএমের জয়
রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে এবার ডোমকলে বড় সাফল্য পেল সিপিএম। ডোমকলের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন সিপিএমের রুনা লায়লা বিবি। তৃণমূলের প্রাক্তন প্রধান পিঞ্জুরা বিবির জায়গায় নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন তিনি।
বৃহস্পতিবার পঞ্চায়েত ভবনে ১৫ জন সদস্য উপস্থিত ছিলেন। বিরোধী শিবিরের ১৫ জন সদস্য অনুপস্থিত থাকায় ভোটাভুটি কার্যত একতরফা হয়ে যায়। ১৫-০ ভোটে প্রধান নির্বাচিত হন রুনা লায়লা বিবি।
অনাস্থা থেকেই বদল
একসময় বাম-কংগ্রেস জোটের সংখ্যাগরিষ্ঠতায় প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন পিঞ্জুরা বিবি। পরে তিনি তৃণমূলে যোগ দেন। এরপর তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি অনাস্থা প্রস্তাব আনা হয়।

অনাস্থা পর্বের পর রানিনগরের বিধায়ক জুলফিকার আলির হাত ধরে পিঞ্জুরা বিবি-সহ ১৬ জন তৃণমূল সদস্য কংগ্রেসে যোগ দেন বলে জানা যায়। এর ফলে ধুলাউড়ি অঞ্চলে তৃণমূলের শক্তি কার্যত অনেকটাই কমে যায় বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের।
আরও পড়ুনঃ নিউটাউনে ফ্ল্যাট-জমি পাইয়ে দেওয়ার নামে বড় প্রতারণা! গ্রেপ্তার হলেন রবিন দত্ত
সিপিএম বনাম কংগ্রেস লড়াই
তৃণমূল দুর্বল হওয়ার পর পঞ্চায়েত দখল ঘিরে সিপিএম ও কংগ্রেসের মধ্যে লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সেই লড়াইয়ে এগিয়ে গেল সিপিএম। সূত্রের খবর, প্রধান নির্বাচনে দু’জন কংগ্রেস সদস্যও সিপিএমকে ভোট দেন।
নতুন প্রধান নির্বাচিত হওয়ার পর এলাকায় সিপিএম কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। রুনা লায়লা বিবিকে ঘিরে বিজয় উদ্যাপন করেন বাম কর্মীরা।
নিরাপত্তায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী
প্রধান নির্বাচন ঘিরে সকাল থেকেই পঞ্চায়েত চত্বরে কড়া নিরাপত্তা ছিল। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছিল বলে জানা গিয়েছে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের তরফে নজরদারি রাখা হয়।
ডোমকলেই বামেদের নতুন ভরসা
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে ডোমকল আসন থেকেই জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান রানা। তাঁর হাত ধরেই বিধানসভায় বামেদের শূন্যের গেরো কাটে। এবার সেই ডোমকলেই ধুলাউড়ি পঞ্চায়েতে সিপিএমের সাফল্য বাম শিবিরের কাছে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


