কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
ওড়িশার পুণ্যধাম পুরীর জগন্নাথ রথযাত্রায় লক্ষ লক্ষ ভক্তের উপচে পড়া ভিড়ের মধ্যেই বড়সড় বিপত্তি দেখা দিল। উৎসবের চেনা উদ্দীপনার মাঝেই অতিরিক্ত গরম ও ভিড়ের চাপে আচমকা অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৩৩ জন পুণ্যার্থী। ওডিশা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের উদ্ধারকারী দল অত্যন্ত তৎপরতার সঙ্গে তাঁদের ভিড়ের মধ্য থেকে উদ্ধার করে। বর্তমানে তাঁদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট! ইসকনের রথযাত্রার শুভ সূচনা মুখ্যমন্ত্রীর
দমকল ও জরুরি পরিষেবা দফতর সূত্রে খবর, বড়দণ্ডে রথটানা দেখার জন্য সকাল থেকেই তিল ধারণের জায়গা ছিল না। দুপুরের দিকে অতিরিক্ত ভিড় এবং ভ্যাপসা গরমের কারণে বেশ কয়েকজন ভক্তের তীব্র শ্বাসকষ্ট শুরু হয়, অনেকেই মাথা ঘুরে পড়ে যান। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থলে মোতায়েন উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত অসুস্থদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে তাঁদের অক্সিজেন সহায়তা ও প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে তাঁদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
প্রশাসন জানিয়েছে, রথযাত্রাকে ঘিরে পুরীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আপদকালীন স্বাস্থ্য পরিষেবাও প্রস্তুত রাখা হয়েছিল। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে আগে থেকেই পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, অ্যাম্বুল্যান্স এবং জরুরি পরিষেবার কর্মীদের মোতায়েন করা হয়েছে। কোনও পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়লে যাতে কয়েক মিনিটের মধ্যে চিকিৎসা পৌঁছে দেওয়া যায়, তার জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ করিডোর। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোনও জরুরি অবস্থা মোকাবিলায় কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
প্রাথমিক সূত্রে খবর, আজ পুরীতে রথযাত্রা শুরুর পরই গ্রান্ড রোডের কাছে এই অঘটন ঘটে। জগন্নাথ দেবের রথের রশি টানতে গিয়ে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি শুরু হয়। এর জেরেই প্রবল বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পদপিষ্ট হন ভক্তরা। জানা গিয়েছে, অন্তত ১২০ জন পুণ্যার্থী পদপিষ্ট হয়েছেন ভিড়ে চাপে। শয়ে শয়ে মানুষের দমবন্ধ হয়ে আসার মতো পরিস্থিতির মুখে পড়েন। ইমার্জেন্সি টিম গিয়ে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে পুরী মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
আরও পড়ুনঃ BJP-তে যাচ্ছেন কোয়েল! ভাঙন আর অন্তর্দ্বন্দ্বে বিপর্যস্ত তৃণমূল
ভিড়ের চাপে অঘটন ঘটার পরই স্পেশাল রেসকিউ ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। পুণ্যার্থীদের ওই ভিড় জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পদপিষ্টের ঘটনার পরই ভিড় নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি করা হয় গ্রান্ড রোডে, যাতে এই ধরনের দুর্ঘটনা আর না ঘটে।
প্রসঙ্গত, গত বছরও পুরীতে রথযাত্রার সময় পদপিষ্টের ঘটনা ঘটেছিল। বেশ কয়েকজন আহত হয়েছিলেন।


