কলকাতা: কলকাতা মেট্রোর পার্পল লাইনের (জোকা–এসপ্ল্যানেড) ভূগর্ভস্থ অংশ নির্মাণে উন্মোচিত হলো এক গুরুত্বপূর্ণ মাইলফলক। টিবিএম ‘দুর্গা’র সফল ব্রেকথ্রুর পর এবার অপর টানেল বোরিং মেশিন ‘দিব্যা’ খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত ২.৬৫ কিলোমিটারের দীর্ঘ সুড়ঙ্গ খনন সম্পন্ন করে মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ গন্তব্যে পৌঁছাল। ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কংক্রিটের দেওয়াল ভেঙে টিবিএমটি বেরিয়ে আসতেই উচ্ছ্বাসে ভেসে ওঠেন প্রকল্পে কর্মরত প্রকৌশলী ও কর্মীরা।
আরও পড়ুনঃ নেতাজির চিতাভস্ম দেশে ফেরানোর আবেদন সুপ্রিম কোর্টে
‘দুর্গা’ ও ‘দিব্যা’র সাফল্য
-
অভিযানের সময়সীমা: গত বছর অক্টোবর মাসে খিদিরপুরের সেন্ট থমাস স্কুল প্রাঙ্গণ থেকে কাজ শুরু করেছিল দুটি জমজ টিবিএম—‘দুর্গা’ ও ‘দিব্যা’।
-
যুগ্ম ব্রেকথ্রু: গত জুলাই মাসে জোড়া টানেলের প্রথমটি তৈরি করে ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছায় ‘দুর্গা’। মঙ্গলবার দ্বিতীয় টানেল সফলভাবে সম্পন্ন করল ‘দিব্যা’।
-
কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা: গত ১০ মাসে আদি গঙ্গা ও ভিক্টোরিয়া মেমোরিয়াল সৌধের মতো সংবেদনশীল এলাকার মাটির তলা দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে সুড়ঙ্গ খনন কাজটি সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুনঃ গ্রেফতার বাংলার বিখ্যাত ক্রিকেটার; ধর্ষণের অভিযোগ
ভবিষ্যৎ পরিকল্পনা ও কাজের সময়সূচি
১. পর্যবেক্ষণ পর্ব (২ মাস): মাটির নিচে সুড়ঙ্গ তৈরির দরুন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা ধস নামার প্রবণতা রয়েছে কি না, পরবর্তী ২ মাস তা খতিয়ে দেখা হবে।
২. পরবর্তী ধাপ (ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট): সব পরীক্ষা সফল হলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের নিচ দিয়ে আগামী আড়াই মাসে ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত দ্বিতীয় ধাপের সুড়ঙ্গ খনন শুরু হবে।
৩. ২০২৭ ও ২০২৯ লক্ষমাত্র: পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে ‘দিব্যা’ পার্ক স্ট্রিট পৌঁছাতে পারে। সমগ্র প্রকল্পের কাজ শেষ হলে ২০২৯ সালের দীপাবলির মধ্যে সম্পূর্ণ জোকা-এসপ্ল্যানেড রুট চালু হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
প্রশাসনিক প্রতিক্রিয়া
টিবিএম ‘দিব্যা’র দেওয়াল চিরে আত্মপ্রকাশের মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা সহ উচ্চপদস্থ আধিকারিকরা। প্রকল্প কর্মীদের নিরলস পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করে জিএম তাঁদের ধন্যবাদ জানান।


