শ্রাবণের শেষ লগ্ন। নিম্নচাপ আর সক্রিয় বর্ষার যুগলবন্দিতে সকাল থেকে বৃষ্টি চলছে কলকাতা এবং শহরতলিতে। প্রথমে ঝিরঝিরে বৃষ্টি হলেও বেলা যত গড়াচ্ছে, বৃষ্টির দাপট তত বাড়ছে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, নিম্নচাপের কারণে কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে সোমবার। গোটা রাজ্যেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি গত কয়েক ঘণ্টায় আরও সুস্পষ্ট হয়েছে। সোমবারের মধ্যে তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। বর্ষাকালীন অক্ষরেখা পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে নিম্নচাপ অঞ্চলটির উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে।
আরও পড়ুনঃ কলকাতায় অ্যালার্ট; বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, আজ তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস
আগামী ৩–৬ ঘণ্টার মধ্যে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির একাধিক অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ কলকাতার যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, কসবা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির তীব্রতা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে।
অন্যদিকে, উত্তর কলকাতার বেলেঘাটা, কাশীপুর, মানিকতলা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণ কলকাতার তুলনায় কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে।
দুপুরের পর পরিস্থিতি আরও সক্রিয় হতে পারে এবং কলকাতার প্রায় সর্বত্রই বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বাড়তে পারে। ফলে জলমগ্নতা, যানজট ও দৈনন্দিন কাজে সাময়িক দুর্ভোগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রধান নজরে:
যাদবপুর
টালিগঞ্জ
বেহালা
কসবা
দক্ষিণ কলকাতা
বেলেঘাটা
কাশীপুর
মানিকতলা
উত্তর কলকাতা
আরও পড়ুনঃ ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড; অন্তত ৬ জনের মর্মান্তিক মৃত্যু, আশঙ্কাজনক একাধিক
নিম্নচাপের কারণে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইছে। তার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। এর প্রভাবে সমুদ্র আপাতত উত্তাল রয়েছে। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। সোমবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে শুধু জলপাইগুড়ি এবং কালিম্পঙে। মঙ্গলবার আলিপুরদুয়ার, দার্জিলিঙেও ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহারের মতো উত্তরের বাকি জেলায় মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।


