দেশের শীর্ষ খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-এর তরফে মামলা দায়েরের অনুমোদন দেওয়ার পর অবশেষে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটির দাবি, তাদের প্যাকেটজাত পানীয় জল পান করার জন্য সম্পূর্ণ নিরাপদ এবং পরবর্তীতে স্বতন্ত্র পরীক্ষাগারে হওয়া পরীক্ষায় জলে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া গিয়েছে।
বিতর্কের সূত্রপাত কোথায়? রবিবার এফএসএসএআই জানায়, ২০০৬ সালের খাদ্য সুরক্ষা ও মান আইন (FSS Act, 2006) লঙ্ঘনের অভিযোগে বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। নিয়ামক সংস্থার বক্তব্য অনুযায়ী, বিসলেরির ‘প্যাকেটজাত পানীয় জল’-এর একটি নমুনা পরীক্ষায় নির্ধারিত সীমার চেয়ে বেশি ব্রোমেট পাওয়া যায় এবং সংস্থার আবেদনের ভিত্তিতে দ্বিতীয় দফায় রেফারেল ল্যাবরেটরিতে পরীক্ষা করা হলেও নমুনাটিতে ত্রুটি (পলি-নিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উপস্থিতি) ধরা পড়ায় সেটিকে ‘অসুরক্ষিত’ ঘোষণা করা হয়। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলির মতে, ব্রোমেট মানবদেহে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে—ফলে নামী ব্র্যান্ডের জলের মান নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়ায়।
আরও পড়ুনঃ পরীক্ষায় ফেল Bisleri! ‘অসুরক্ষিত’ প্রমাণিত হওয়ায় ‘বিসলেরির’ বিরুদ্ধে মামলার অনুমোদন দিল এফএসএসএআই
নমুনা পরীক্ষা নিয়ে বিসলেরির পাল্টা ব্যাখ্যা বিতর্ক বাড়তেই সোমবার গোটা ঘটনার কালক্রম তুলে ধরে বিবৃতি দেয় বিসলেরি কর্তৃপক্ষ। তাদের দাবি অনুযায়ী:
-
ছ’টি নমুনার মধ্যে একটিতে প্রশ্ন: ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর এফএসএসএআই তাদের গোয়ার কারখানা থেকে ছ’টি নমুনা সংগ্রহ করে। প্রাথমিক পরীক্ষায় পাঁচটি নমুনা সব মানদণ্ডে উত্তীর্ণ হলেও ষষ্ঠ নমুনায় প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম ব্রোমেট পাওয়া যায় (নির্ধারিত সর্বোচ্চ সীমা প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম)।
-
পুনঃপরীক্ষা ও ফলাফলের ফারাক: ওই ফলাফলের বিরুদ্ধে ২০২৫ সালের ২২ নভেম্বর পুনঃপরীক্ষার আবেদন জানায় বিসলেরি। এরপর এফএসএসএআই নমুনাটি রেফারেল ল্যাবরেটরিতে পাঠায়। বিসলেরির দাবি, সেখানে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া গেলেও আলাদাভাবে পলি-নিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উপস্থিতির কথা উল্লেখ করা হয়। এই বৈপরীত্য স্পষ্ট করতে সংস্থাটি এফএসএসএআই-অনুমোদিত অন্য একটি স্বতন্ত্র ল্যাবরেটরিতে একই নমুনা পরীক্ষা করায় এবং সেখানেও ব্রোমেট নির্ধারিত সীমার মধ্যেই ছিল বলে তাদের দাবি।
আরও পড়ুনঃ ১২ ঘণ্টা ডেলিভারি, সপ্তাহান্তে ১৬! ব্লিঙ্কিটে প্রথম মাসেই ৩৯ হাজার টাকা আয় চণ্ডীগড়ের যুবকের
নোটিস না পাওয়া ও মান নিয়ন্ত্রণের দাবি বিসলেরি আরও জানিয়েছে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে স্বতন্ত্র গবেষণাগারের সেই রিপোর্ট তারা এফএসএসএআই-এর পশ্চিম আঞ্চলিক দপ্তরে জমা দিয়েছিল। এরপর নিয়ামক সংস্থার তরফে আর কোনো যোগাযোগ না করায় তারা ভেবেছিল বিষয়টি নিষ্পত্তি হয়ে গিয়েছে। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ই-মেল বা হার্ড কপি—কোনো মাধ্যমেই তারা এখনও কোনো নোটিস পায়নি এবং এফএসএসএআই-এর ওয়েবসাইটেও তেমন কিছু নজরে আসেনি।
নিজেদের পণ্যের গুণমানের পক্ষে সওয়াল করে বিসলেরি জানিয়েছে, ১০-ধাপের উৎপাদন প্রক্রিয়ায় ৯০টিরও বেশি পরীক্ষার মাধ্যমে তারা কঠোর মান নিয়ন্ত্রণ বজায় রাখে এবং বহু বছরের বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে তাদের জল সম্পূর্ণ নিরাপদ। তবে পরীক্ষার প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকলেও যথাযথ নিয়ন্ত্রক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করতে এবং এফএসএসএআই-কে সবরকম সহযোগিতা করতে তারা প্রস্তুত বলেও স্পষ্ট করেছে সংস্থাটি।


