আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কড়া প্রতিক্রিয়া জানাল তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বাংলাদেশ সরকার। ঢাকার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে বন্দি হয়েই ফিরতে হবে। মঙ্গলবার সকালে সংবাদসংস্থা রয়টার্সের মাধ্যমে হাসিনার মুখপাত্র তাঁর প্রত্যাবর্তনের দিনক্ষণ এবং সরকারি বিমান পাঠানোর আবেদনের কথা সামনে আনার পরই পাল্টা বিবৃতি দেয় বাংলাদেশ সরকার।
আরও পড়ুনঃ জ্বলছে ওপার বাংলা; উত্তপ্ত বাংলাদেশে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
বিদেশ প্রতিমন্ত্রীর কড়া অবস্থান শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা প্রসঙ্গে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ূন কবির স্পষ্ট ভাষায় জানান, “শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা, আর বাস্তবতা এক নয়। তাঁকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।”
এর আগে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছিল, সরকারি উড়ান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বিমানে করে স্বদেশে ফেরার জন্য তারেক রহমানের সরকারের কাছে আবেদন জানিয়েছেন হাসিনা। তবে বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, হাসিনাকে ফেরাতে বিমানের বন্দোবস্ত করার বিষয়ে নয়াদিল্লির সঙ্গে ঢাকার কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
বিমান চাওয়ার দাবিকে ‘হাস্যকর’ বলল ট্রাইব্যুনাল হাসিনার সরকারি বিমান পাঠানোর দাবিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখ্য সরকারি আইনজীবী (চিফ প্রসিকিউটর)। উল্লেখ্য, এই ট্রাইব্যুনালেই দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন শেখ হাসিনা। মুখ্য সরকারি আইনজীবীর বক্তব্য, “একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল।” হাসিনার এই দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ‘ক্ষমা চাইতে হবে’, সনিয়াকে আইনি নোটিস বিনায়ক সাভারকরের প্রপৌত্রের
৬০টি দেশের কূটনীতিকদের নিয়ে বিদেশ মন্ত্রকের জরুরি বৈঠক ঘটনাচক্রে, মঙ্গলবার সকালেই ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, ভারত, চীন, ব্রিটেন, আমেরিকা এবং জাপান-সহ মোট ৬০টি দেশের কূটনীতিকেরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ূন কবির জানিয়েছেন, হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিক্ষোভ, অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে, মূলত সেই প্রেক্ষিতেই এই বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা প্রসঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষের ‘কঠোর অবস্থানের’ কথাও বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।


