বহরমপুর / লালবাগ:
বিরোধী রাজনৈতিক দলের সমর্থকদের সামাজিকভাবে বয়কট করার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সোমেন মণ্ডল। তাঁর বক্তব্য অনুযায়ী, কমিউনিস্ট, কংগ্রেস এবং সদ্য গজিয়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’-র সমর্থক ও সহযোগীদের পরিবারে মেয়ের বিয়ে দেওয়া উচিত নয়। এমনকি চায়ের দোকানে বসে থাকলেও তাঁদের থেকে দশ হাত দূরত্ব বজায় রাখার কথা বলেছেন তিনি। রাজ্যের মন্ত্রী তথা মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের উপস্থিতিতে দেওয়া বিজেপি নেতার এই বক্তব্যের ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই জেলা রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ও বিতর্ক শুরু হয়েছে।
আরও পড়ুনঃ সমর্থনের ‘রিটার্ন গিফট’, সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রী দেখতে চায় এনসিপি
সভামঞ্চ থেকে কী বলেছেন বিজেপি জেলা সভাপতি?
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় লালবাগের পাঁচরাহা মোড়ে একটি রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছিল। সেখানে মঞ্চে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের পাশে বসেই বক্তব্য রাখার সময় সোমেন মণ্ডল বলেন:
-
সামাজিক বয়কট ও বিয়ের নিদান: সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে সোমেন মণ্ডল বলেন, “ককরোচ, সিপিআইএম এবং কংগ্রেস সহযোগীদের বাড়িতে কেউ মেয়ের বিয়ে দেবেন না। এমনকী কোনও চায়ের দোকানে বসে থাকলে, তাদের থেকে দশ হাত দূরত্ব বজায় রাখুন।”
-
‘দেশের শত্রু’ বলে আক্রমণ: বিরোধী দলগুলির সমর্থকদের নিশানা করে ওই বিজেপি নেতা আরও দাবি করেন, “এরা শুধু রাজনৈতিক শত্রু নয়, এরা আপনার, আমার—সকলের দেশের শত্রু।”
আরও পড়ুনঃ বঙ্গে বিসলেরির জলে ব্যাকটেরিয়া! ফের বিপাকে জলের কোম্পানি
জেলা রাজনীতিতে বিতর্ক ও প্রতিক্রিয়া
বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ব্যক্তিগত ও পারিবারিক সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক দলের এমন নিদান এবং সামাজিক দূরত্ব তৈরির আহ্বান ঘিরে জেলার বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। একদিকে যেমন এই মন্তব্যের ভিডিয়ো ঘিরে নেটমাধ্যমে তীব্র সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে, অন্যদিকে তেমনই বিষয়টি নিয়ে সরগরম হয়ে উঠেছে মুর্শিদাবাদের রাজনৈতিক পরিবেশ।


