বিশেষ প্রতিনিধি, ঝাড়গ্রাম:
প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর এবং অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক গৃহবধূকে যৌন নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনার অভিযোগে তরণী মাহাতো নামে এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন নয়াগ্রাম থানার পুলিশ। ধৃত ব্যক্তি বিজেপির স্থানীয় মণ্ডল কমিটির সদস্য এবং বুথ সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
আরও পড়ুনঃ বছরে ৩টি LPG সিলিন্ডার বিনামূল্যে, ফ্রি বাস পরিষেবা, বড় ঘোষণা সরকারের
প্রকল্পের কাজের অজুহাতে নির্যাতন ও হুমকি
-
ঘটনার সূত্রপাত: পরিবারের দেওয়া লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১৯ আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার কারণ খতিয়ে দেখার অজুহাতে অভিযোগকারী মহিলার বাড়িতে যান অভিযুক্ত তরণী মাহাতো। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই মহিলার ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
-
প্রলোভন ও হুমকি: ঘটনাটি কাউকেই না জানানোর জন্য চাপ দেওয়া হয়। বিষয়টি গোপন রাখলে সরকারি প্রকল্পের ঘর ও টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি মুখ খুললে মহিলার স্বামীর ক্ষতি করার হুমকিও দেওয়া হয়।
আরও পড়ুনঃ কলকাতার স্কুলে ফের সাপের ছোবল; মিত্র ইনস্টিটিউশনের প্রথম শ্রেণির ছাত্র হাসপাতালে ভর্তি
২৬ কিমি সাইকেল চালিয়ে থানায় পৌঁছাল পরিবার
নির্যাতনের ঘটনা সামনে আসার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশি সভা বসিয়ে মিটিয়ে নেওয়ার জন্য চাপ তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ। কিন্তু নতিস্বীকার না করে শেষ পর্যন্ত সুবিচারের আশায় পরিবারের সদস্যরা জঙ্গলের রাস্তা ধরে প্রায় ২৬ কিলোমিটার সাইকেল চালিয়ে নয়াগ্রাম থানায় পৌঁছান এবং লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমে শনিবার রাতে নয়াগ্রাম থানা এলাকার একটি স্থান থেকে তরণী মাহাতোকে গ্রেফতার করে পুলিশ। রবিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনাটির নিরপেক্ষ তদন্ত এবং দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন।


