বিশেষ প্রতিনিধি:
সংসার সামলানোর হাজারও ব্যস্ততা, অভাবের সংসার, নেই ট্র্যাকস্যুট বা দামী রানিং শু—তবে অভাব যেখানে অদম্য ইচ্ছাশক্তির সামনে দাঁড়ায়, জয় সেখানে সুনিশ্চিত। ট্র্যাকস্যুট কিংবা জুতো ছাড়াই নীলচে-সবুজ শাড়ির কুঁচি কোমর গুঁজে খালি পায়ে দৌড়ে রেকর্ড গড়ে ফেললেন ঝাড়খণ্ডের রামগড় জেলার বাসিন্দা ৩৫ বছর বয়সী বধূ সুনীতা। সরকারি হোমগার্ড নিয়োগ পরীক্ষার জন্য উপযুক্ত পোশাক না থাকলেও সাধারণ শাড়ি পরেই মাঠ কাঁপাচ্ছেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর অনুশীলনের ভিডিও ছড়িয়ে পড়তেই তা রাতারাতি ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুনঃ ‘ঘর মে ঘুসকে মারা’ নাম না করে পাকিস্তানকে বার্তা মোদির
সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, রামগড়ের বুধা-খুখারা গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারের পুত্রবধূ সুনীতা। পরিবারে নুন আনতে পান্তা ফুরোনোর সংসার। স্বামীর সম্বল নেই স্ত্রীর জন্য স্নিকার্স বা ট্র্যাকিং গিয়ার কিনে দেওয়ার। কিন্তু স্বপ্নপূরণের তাগিদে থেমে থাকেননি তিনি।
শাড়ি পরেই ৭ মিনিটে ১৬০০ মিটার দৌড়!
প্রতিদিন ভোরে গ্রামের অন্য মহিলাদের সাথে প্রায় ৮ কিলোমিটার পথ পেরিয়ে ‘সিধু কানহু’ মাঠে অনুশীলনের জন্য পৌঁছান সুনীতা।
আরও পড়ুনঃ বকেয়া কর মেটাতে বড় স্বস্তি! পরিবহণ দপ্তরের ‘ওয়েভার স্কিম’-এ মিলবে ৪০% ছাড়
-
অবিশ্বাস্য সময়সীমা: হোমগার্ড পরীক্ষার জন্য ১৬০০ মিটার দৌড় শেষ করার নির্ধারিত সময়সীমা ৮ মিনিট। তবে কোনো আধুনিক সরঞ্জাম ছাড়াই খালি পায়ে শাড়ি পরা অবস্থাতেই ৭ মিনিটের মধ্যে ১৬০০ মিটার দৌড় সম্পন্ন করে তাক লাগিয়ে দিয়েছেন এই বধূ।
- ভাইরাল ভিডিও: ‘মুকেশ_জার্নো’ নামের এক সাংবাদিক এক্স (টুইটার) হ্যান্ডলে সুনীতার এই হার না মানা সংগ্রামের ভিডিও পোস্ট করতেই হাজার হাজার নেটিজেন তা পছন্দ করেছেন এবং তাঁর অদম্য জেদকে কুর্নিশ জানিয়েছেন।
ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে সুনীতা জানান, সামাজিক মাধ্যমে কী ছড়িয়েছে তা নিয়ে তিনি মাথা ঘামান না। তাঁর একমাত্র লক্ষ্য পরীক্ষায় পাস করে সরকারি চাকরি জোগাড় করা। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে খালি পায়ে শাড়ি পরা সুনীতার এই সাফল্যই এখন রামগড়ের আনাচে-কানাচে নতুন প্রেরণার আলো দেখাচ্ছে।


