এক সময় যাঁর নাম শুনলেই আতঙ্ক ছড়াত আন্দোলনরত সরকারি কর্মচারীদের মধ্যে, এবার সেই তৃণমূলপন্থী কর্মচারী সংগঠনের নেতা প্রতাপ নায়েককেই উত্তরবঙ্গে বদলি করল নতুন সরকার । আর সেই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে যেন উৎসবের আবহ । বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শুরু হয়েছে কার্টুন, কটাক্ষ এবং ব্যঙ্গচিত্রের বন্যা ।

রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, উচ্চপদস্থ আধিকারিক তথা তৃণমূল ঘনিষ্ঠ কর্মচারী সংগঠনের নেতা প্রতাপ নায়েককে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরে বদলি করা হয়েছে । তাঁর নতুন কর্মস্থল দার্জিলিং । এখন থেকে ওই দফতরের কর্মী হিসেবেই তিনি বেতন পাবেন ।
আরও পড়ুনঃ BSF-কে জমি, আজ থেকে ‘আয়ুষ্মান ভারত’; একাধিক সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের
রবিবার এই বদলির খবর সামনে আসতেই উচ্ছ্বাস ছড়ায় সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের মধ্যে । দীর্ঘদিন ধরেই সংগঠনের অভিযোগ ছিল, সরকারের বিরুদ্ধে মুখ খুললেই বা আন্দোলনে নামলেই কর্মচারী-আধিকারিকদের বিরুদ্ধে শুরু হতো প্রতিহিংসামূলক পদক্ষেপ । কাউকে পাঠানো হতো উত্তরবঙ্গের দূরবর্তী এলাকায়, কাউকে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে ।
সংগ্রামী যৌথ মঞ্চের নেতাদের দাবি, সেই ‘শাস্তিমূলক বদলি সংস্কৃতি’র নেপথ্যে অন্যতম প্রভাবশালী মুখ ছিলেন প্রতাপ নায়েক । কোনও কর্মচারী কোথায় বদলি হবেন, কার বিরুদ্ধে কী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে- এই সমস্ত বিষয়েই তাঁর প্রভাব ছিল বলে অভিযোগ ।
তাই নতুন সরকারের নির্দেশে তাঁরই পাহাড়ে বদলিকে ঘিরে কর্মচারীদের একাংশের মধ্যে তৈরি হয়েছে প্রবল প্রতিক্রিয়া । সোশ্যাল মিডিয়া এবং কর্মচারীদের বিভিন্ন গ্রুপে ইতিমধ্যেই ছড়িয়েছে একাধিক কার্টুন । কোথাও দেখা যাচ্ছে নবান্নের ছাদ থেকে লাথি মেরে কাউকে পাহাড়ের দিকে পাঠানো হচ্ছে, কোথাও আবার লেখা, ‘প্রতাপহীন খলনায়ক’ !
আরও পড়ুনঃ এটা বিজেপির সরকার নয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার; মুখ্যমন্ত্রীর দফতরের আমলাকে বদলি উত্তরবঙ্গে
সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবি করা হয়েছে, সরকারি কর্মচারীদেরও গণতান্ত্রিক অধিকার রয়েছে । দাবি-দাওয়া আদায় কিংবা জনস্বার্থে আন্দোলনে নামার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল গত সরকারের আমলে । হাজার হাজার কর্মচারীর কণ্ঠরোধ করা হয়েছে বলেও অভিযোগ সংগঠনের ।

তাদের বক্তব্য, “যাঁরা এতদিন অন্যদের শাস্তিমূলক বদলির হুমকি দিয়েছেন, আজ তাঁদেরই সেই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে । কর্মচারীরা এটাকে সময়ের বিচার বলেই মনে করছেন ।” তবে এ ব্যাপারে তৃণমূলপন্থী কর্মচারী সংগঠনের নেতা প্রতাপ নায়েকের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি ৷ মন্তব্য করতে চাননি সংগঠনের অন্যান্য নেতারাও ৷


