কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
পাহাড়ে মধুচন্দ্রিমায় গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লেন এক নববধূ। দার্জিলিং জেলার পাহাড়ি এলাকা সিটং-এর একটি হোমস্টেতে বার্বিকিউ করার সময় হঠাৎই দাউদাউ করে জ্বলে ওঠা আগুনে গুরুতর দগ্ধ হন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন।
পুলিশ সূত্রের খবর, দগ্ধ বধূর নাম নিকিতা সাহা। মাত্র কয়েক দিন আগে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা সমীর দাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পরই নবদম্পতি পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে সিটং-এ যান।
আরও পড়ুনঃ করোনা নয়, নতুন ‘বিপর্যয়’! আবার শুরু হচ্ছে লকডাউন; একগুচ্ছ নির্দেশিকা জারি
ঘটনার বিবরণ ও সিসিটিভি ফুটেজ
বৃহস্পতিবার রাতে হোমস্টের বারান্দায় নবদম্পতি ও অন্য পর্যটকরা বার্বিকিউ (Barbecue)-র আয়োজন করেছিলেন। হোমস্টের সিসিটিভি (CCTV) ফুটেজে দেখা যায়, বারান্দায় আগুনের পাশে বসে ছিলেন নবদম্পতি।
ঠিক সেই সময়েই বার্বিকিউয়ের জ্বলন্ত আগুনের ওপর এক ব্যক্তি কিছু একটা ঢালতে যান। মুহূর্তে আগুন মারাত্মকভাবে ফুঁসে ওঠে এবং কনে নিকিতা সাহার শরীরে তা লেগে যায়। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় শরীরের বড় অংশ ঝলসে যায় তাঁর।
আরও পড়ুনঃ ঝরেছে ঘাসফুল; কেক, বিস্কুট, ক্যাপসিকাম, কানের দুল! কোন প্রতীকে লড়বে তৃণমূল?
পর্যটন সংগঠন ও তদন্তের হালহকিকত
ঘটনাটি সম্পর্কে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক তন্ময় গোস্বামী গভীর দুঃখ প্রকাশ করে জানান:
“কয়েক দিন আগেই এই দম্পতির বিয়ে হয়েছে। ঘুরতে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রাথমিক ধারণায় মনে হচ্ছে, বার্বিকিউতে কোনোভাবে জ্বলন্ত আগুনের ওপর মাখন বা তরল কিছু ঢালতে গিয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে সম্পূর্ণ বিষয়টাই তদন্তসাপেক্ষ। পাহাড় বা দূরবর্তী এলাকায় আনন্দ করতে এসেও পর্যটকদের সবসময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত।“
পুরো ঘটনার নেপথ্যে হোমস্টে কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না কিংবা কী পদার্থ ঢালার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।


