বিধাননগরের সল্টলেকের কাছে আনন্দলোক হাসপাতালে অগ্নিকাণ্ড! মঙ্গলবার সকালে এ নিয়ে শোরগোল এলাকায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলবাহিনী। ইতিমধ্যে রোগীদের স্থানান্তরের কাজ শুরু হয়েছে।
আরও পড়ুনঃ অবাধ ভোটে CRPF-এর ‘অপারেশন অ্যাডভান্স অল আউট’ শুরু রাজ্যজুড়ে
কী ভাবে আগুন লেগেছে,পরিষ্কার নয়। তবে পুলিশের একটি সূত্রে খবর, এসি-তে শর্টশার্কিট হয়ে এই অগ্নিকাণ্ড। আনন্দলোক হাসপাতালের দ্বিতলে আগুন দেখা যায় প্রথমে। রাস্তা থেকে আগুন এবং কালো ধোঁয়া দেখতে পান পথচারীরা। খবর যায় দমকলের কাছে। তার কিছু ক্ষণের মধ্যে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। তত ক্ষণে অবশ্য হাসপাতালের দ্বিতলের অপারেশন থিয়েটারের একাংশ আগুনের গ্রাসে। দমকলের সঙ্গে সঙ্গে স্থানীয়েরাও আগুন নেবানোর কাজে হাত লাগান। সেই সঙ্গে রোগীদের বার করে আনার তোড়জোড় শুরু হয়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
হাসপাতালের কর্মীদের একাংশ জানিয়েছেন, ৭০-৭৫ জন রোগীকে স্থানান্তর করা হয়েছে আনন্দলোকের অন্য ভবনে। তাঁরা সকলে সুরক্ষিত রয়েছেন। হাসপাতালের এক কর্মী বলেন, ‘‘পুরো ভবনের দোতলা, তিনতলা যেখানে যত জন রোগী ভর্তি ছিলেন, সকলকে আমরা উদ্ধার করেছি। ৪০-৪৫ জনকে বার করে আনা হয়েছে।’’ ডলি রায় নামে আর এক কর্মী জানান, সব মিলিয়ে ৭০-৭৫ জনকে উদ্ধার করা হয়েছে। রোগীদের সকলেই সুরক্ষিত। তবে স্বাভাবিক ভাবে পুরো ঘটনায় আতঙ্কিত রোগী পরিজনেরা। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে প্রশাসন।
সকাল ১১টা নাগাদ আগুন খানিকটা নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ড নিয়ে হাসপাতালের তরফে কোনও সরকারি বিবৃতি মেলেনি। তাই ক্ষয়ক্ষতির পরিমাণও স্পষ্ট নয়।



