পহেলগাম জঙ্গি হামলার এক বছর পূর্ণ হচ্ছে বুধবার। গত বছর ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগামের কাছে বৈসরন ভ্যালিতে পর্যটকদের উপর হওয়া সেই নারকীয় হামলার ক্ষত এখনও টাটকা। এই আবহে প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে সন্ত্রাসবাদীদের কড়া হুঁশিয়ারি দিল ভারতীয় সেনা। ‘এক্স’ হ্যান্ডলে সেনার পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, “যখন মানবিকতার সীমা লঙ্ঘিত হয়, তখন পাল্টা জবাব ভালভাবে দেওয়া হয়। এমন সব কিছুর বিচার হবেই কারণ ভারত ঐক্যবদ্ধ।”
আরও পড়ুনঃ কলকাতার ডার্ক আন্ডারওয়ার্ল্ড! ১১০০ কোটির আবাসন জালিয়াতি ও সিন্ডিকেট রাজ
২০২৫ সালের ২২ এপ্রিল অনন্তনাগের বৈসরন ভ্যালি, কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ডে’ পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলায় ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় ঘোড়াওয়ালার মৃত্যু হয়। ঘটনার পরই নিরাপত্তার খাতিরে জম্মু-কাশ্মীরের ৪৪টি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল প্রশাসন। বর্তমানে বেশিরভাগ জায়গা খুলে দেওয়া হলেও বৈসরন এবং চন্দনওয়াড়ি এখনও পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে। এই দুই জনপ্রিয় কেন্দ্র কবে খুলবে, সে ব্যাপারে প্রশাসনের তরফে কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
হামলার এক বছর পূর্ণ হওয়ার আগে গোটা কাশ্মীর উপত্যকাজুড়ে সতর্কতা বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক না ছড়িয়ে বাড়ানো হয়েছে নজরদারি। পুলওয়ামা, অবন্তিপোরা এবং শ্রীনগরের মতো গুরুত্বপূর্ণ এলাকাতে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক সারছেন উচ্চপদস্থ কর্তারা। পুলওয়ামায় ডিআইজি জাভেদ ইকবাল মাট্টু সন্ত্রাসদমন অভিযান ও গোয়েন্দা তথ্য আদান-প্রদানের উপর জোর দিয়ে একটি বিস্তারিত পর্যালোচনা বৈঠক করেন। শ্রীনগরের এসএসপি জি ভি সন্দীপ চক্রবর্তীও আইনশৃঙ্খলা পরিস্থিতির তদারকি করছেন।
আরও পড়ুনঃ ভোটের মুখে শ্রীঘরে তৃণমূল সাংসদের শশুর-শ্যালক
নিরাপত্তা আধিকারিকরা নিয়মিত পরিস্থিতির উপর নজর রাখছেন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তির বিষয়টিও নিশ্চিত করতে চাইছে পুলিশ ও সেনা। বৈসরন ট্র্যাজেডির এক বছর পূর্তিতে পহেলগাম সহ সংলগ্ন এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনার স্পষ্ট বার্তা, শান্তি বিঘ্নিত করার যে কোনও প্রচেষ্টা দ্রুত শেষ করা হবে। শত্রুতের জবাব দিতে তৈরি ভারত।



