বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে হাইকোর্টের অনুমতি নিয়ে কালীঘাট তৃণমূলের মিছিল শুরু হতেই রণক্ষেত্রের চেহারা নিল বালিগঞ্জ ফাঁড়ি এলাকা। মিছিল শুরুর আগেই সেখানে পাল্টা জমায়েত করে বিজেপি কর্মীরা ‘চোর চোর’ এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে তুমুল বচসা, হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ সপাটে চড় মারলেন মমতা! হঠাৎ হারালেন মেজাজ
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে আজ, বুধবার কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। পুলিশ প্রথমে এই মিছিলের অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। আদালত আজ দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে চারটের মধ্যে বালিগঞ্জ ফাঁড়ি মোড় থেকে হাজরা রোড হয়ে হাজরা স্কোয়ার পর্যন্ত মিছিল করার শর্তসাপেক্ষ অনুমতি দেয়।

আদালতের নির্দেশ মেনে বুধবার দুপুরে বালিগঞ্জ ফাঁড়িতে তৃণমূল কর্মীরা জড়ো হওয়ার আগেই সেখানে পাল্টা ঘাঁটি গাড়েন বিজেপি কর্মীরা। তৃণমূলের মিছিল এগোতেই বিজেপি কর্মীরা তাদের লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন, পাশাপাশি চলে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। এর পরেই দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে রীতিমতো চুলোচুলি ও হাতাহাতি বেঁধে যায়।
আরও পড়ুনঃ “একদম ঠিক কাজ করেছেন” পুলিশের পদক্ষেপকে সমর্থন তামান্নার মাও
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীকে চরম হিমশিম খেতে হয়। পুলিশ দু’পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও বালিগঞ্জ ফাঁড়ি এলাকায় দীর্ঘক্ষণ ধরে চরম উত্তেজনা বজায় থাকে। ভাঙচুর ও বড়সড় অশান্তি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।


