ভারতের অমূল্য রত্ন কোহিনূর ফিরিয়ে দেওয়ার দাবি নতুন নয়, তবে এবার সেই দাবিতে সুর মেলালেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। চলতি বছরেই মেয়র হিসেবে শপথ নেওয়া ভারতীয় বংশোদ্ভূত এই জনপ্রতিনিধি স্পষ্ট জানিয়েছেন, রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্তে কথা বলার সুযোগ পেলে তিনি কোহিনূর হীরাটি ভারতকে ফেরত দেওয়ার জন্য রাজাকে উৎসাহিত করতেন। ৯/১১ স্মারক অনুষ্ঠানের আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি।
একসময় কোহিনূর ছিল ভারতীয় শাসকদের আভিজাত্যের প্রতীক। ১৮৪৯ সালে পাঞ্জাব দখলের পর লাহোর চুক্তির মাধ্যমে তৎকালীন শাসকরা ব্রিটিশদের হাতে এই হীরা তুলে দিতে বাধ্য হন। এরপর থেকেই এটি ব্রিটিশ রাজপরিবারের সম্পদ হিসেবে পরিচিতি পায়। রানি দ্বিতীয় এলিজাবেথ ও রাজা ষষ্ঠ জর্জের স্ত্রীর মুকুটে এই রত্ন শোভা পেত। বর্তমানে ঐতিহাসিক এই মুকুটটি টাওয়ার অফ লন্ডনে প্রদর্শনের জন্য রাখা রয়েছে।
আরও পড়ুনঃ উত্তপ্ত বেহালা, তৃণমূল নেতা-কর্মীদের বেধড়ক মারধর
ভারত সরকার এবং একাধিক ভারতীয় সংস্থা দীর্ঘদিন ধরে ব্রিটেনের কাছে কোহিনূর হস্তান্তরের অনুরোধ জানিয়ে আসছে। ভারতের দাবি, এই হীরাটি ঔপনিবেশিক শাসনের সময় অন্যায়ভাবে নিয়ে যাওয়া হয়েছিল। এবার নিউ ইয়র্কের মেয়রের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে কোহিনূর ফেরানোর দাবিকে পুনরায় জোরালো করল।


