তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সই জালিয়াতি মামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিধানসভায় ওঠা অভিযোগ সংক্রান্ত এই মামলায় তাঁকে মোট তিনবার সমন পাঠিয়েছে রাজ্য পুলিশের CID। সর্বশেষ সমনে স্পষ্টভাবে জানানো হয়েছে, আজ অর্থাৎ ৯ জুন ২০২৬ বিকেল ৫টার মধ্যে কলকাতার ভবানী ভবনে সিআইডি সদর দফতরে সশরীরে হাজির হতে হবে তাঁকে।
আরও পড়ুনঃ মমতার বাড়ির উঠোনে সিআইডি; কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে সিআইডি-র ‘ডবল স্ট্রাইক’!
তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে, প্রথম দুটি সমন এড়িয়ে যাওয়ার পর গত ৮ জুন (সোমবার) বিকেলে সিআইডির একটি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে পৌঁছে তৃতীয় সমন জারি করে। ওই নোটিশে আরও কড়া ভাষায় জানানো হয় যে নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।
এই ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, তদন্তে সহযোগিতা না করলে আইন অনুযায়ী সিআইডি আদালতের দ্বারস্থ হতে পারে কিংবা পরবর্তী পর্যায়ে গ্রেপ্তারি পরোয়ানার মতো পদক্ষেপও গ্রহণ করা হতে পারে। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
আরও পড়ুনঃ বিতর্কে পড়ল ইতি; আর ‘ধাম’ নয় দিঘার জগন্নাথ মন্দির
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন জানানো হয়েছিল বলে জানা গেছে। আগামী ১০ জুন কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানির কথা উল্লেখ করে অতিরিক্ত সময় চাওয়া হয়েছিল। তবে তদন্তকারী সংস্থা সেই আবেদন গ্রহণ করেনি বলে সূত্রের খবর।
বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মসূচির কারণে দিল্লিতে রয়েছেন বলে জানা যাচ্ছে। ফলে নির্ধারিত ৫টার ডেডলাইনে তিনি হাজির হতে পারবেন কি না, তা নিয়ে জল্পনা আরও বেড়েছে। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে “২০ মিনিট বাকি” এবং “ডেডলাইন শেষে কী পদক্ষেপ” এই ধরনের আলোচনাও ঘুরপাক খাচ্ছে।


