পশ্চিম এশিয়ায় যুদ্ধ হচ্ছে। আর তার সরাসরি প্রভাব এসে পড়েছে আমার-আপনার রান্নাঘরে। ইরান বনাম ইজরায়েল এবং আমেরিকার যুদ্ধের মধ্যেই গতকাল শনিবার বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম। ঘরোয়া রান্নার গ্যাসের দাম একলাফে বাড়ানো হয়েছে সিলিন্ডার প্রতি ৬০ টাকা। অর্থাৎ কলকাতায় রান্নার গাসের দাম বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। আর ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে সিলিন্ডার প্রতি ১১৪ টাকা ৫০ পয়সা। অর্থাৎ দাম বেড়ে হয়েছে, ১ হাজার ৯৯০ টাকা। আর, LPG-র দামবৃদ্ধি নিয়ে, ধর্মতলার ধর্নামঞ্চ থেকে, শনিবার, কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মমতা বন্দোপাধ্যায়।
আরও পড়ুনঃ গোঁসাইপুরে সরগরম! ভোটমুখী বাংলায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তোষ রাষ্ট্রপতির
মুখ্যমন্ত্রী এদিন ধর্নামঞ্চ থেকে বলেন, ‘আগে কী করছিলেন, ঘুমোচ্ছিলেন? না উপহার নিয়ে বেড়াচ্ছিলেন? গলায় মালা পরে বেড়াচ্ছিলেন দেশকে বেচে দিয়ে! আর কী বলছে! ২১ দিন আগে থেকে আপনাকে বুক করতে হবে, তার মানে আপনার বাড়িতে যদি এখন গ্যাস না থাকে, আপনি ২১ দিন কি ওদের মাথা খাবেন, না আমার মাথা খাবেন? এগুলো আগে ভাবা উচিত ছিল না কমরেডদের?’
এদিকে পাল্টা মমতাকে নিশানা করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, ‘আমি বলছি, গ্যাসের ওপর মমতা যে টাকাটা রোজগার করেন, সেই টাকাটা আপাতত ছেড়ে দিন। গ্যাস সিলিন্ডার পিছু সরকার যে টাকাটা পায়, সেটা একটা বিরাট অঙ্ক। ৬০ টাকার বেশি, বোধহয় ৭০-৭২ টাকা সরকার পায়, কমপক্ষে। সেই টাকাটা মমতা বরং এখন ছাড় দিয়ে দিন মানুষকে। এত তো ভাতা দিচ্ছেন, এটা ছাড় দিয়ে দিন।’
আরও পড়ুনঃ ‘তৃণমূল সরকার সব সীমা পার করেছে’; ফুঁসে উঠলেন মোদী
রান্নার গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে, রবিবার, মহিলাদের রাস্তায় নামার ডাক দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। মমতার কথায়, ‘কালকে (রবিবার) মিছিল হবে। গ্যাস নেই। রান্না নেই। গ্যাস নাই, খাবার নাই। কাল মা-বোনেরা রাস্তায় নামুন। আর প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন। আইনজীবীরা কালোটা কেন পরে জানেন, বিচারের জন্য। আমি সাদা পরব। আপনারা সবাই কালো পরবেন কালকে। মিছিল করে মেয়েরা যখন এখানে আসবেন, তারাও হাড়ি কড়াই বাটি ঘটি যা আছে বাড়িতে নিয়ে আসবেন। গ্যাসের ওভেনও পারলে কেউ নিয়ে আসবেন। কাঁচা আনাজও ঝুড়িতে করে’।
যদিও, কেন্দ্রীয় সরকারের সূত্রে দাবি করা হচ্ছে, দেশে তেল ও রান্নার গ্যাসের ঘাটতি নেই। ভারতের জ্বালানি মজুদের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমাদের কাছে পর্যান্ত LNG মজুত রয়েছে। হরমুজ প্রণালী চালু হলেই তারা আবার গ্যাস সরবরাহ করবে বলে জানিয়েছে কাতার। এছাড়াও অন্য দেশ থেকেও LNG সরবরাহের প্রস্তাব এসেছে।









