ভোটের আগে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই সময়ই ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বিজেপি – কমিশনকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, SIR প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে বহু বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে।
আরও পড়ুনঃ রাজ্যে অবাধ-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই; মনে করছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
সোমবার দিনভর কলকাতায় রাজনৈতিক দল ও প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশনের সেই সফরের মধ্যেই ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ এরা রাজনৈতিকভাবে কিছু করতে পারেনি বাংলায়। তাই চক্রান্ত করে SIR করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে। ইভিএমে কারচুপি করবে বলে আমি খবর পেয়েছি। আমরা সেইমতো আগাম সতর্কতা নেব।’
এদিন ফের একবার ধর্না মঞ্চ থেকে জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে কটাক্ষ করে মমতা বলেন, ‘ বেচারা ভ্যানিশ কুমার। ভ্যানিশ করে দেবে সব। ভ্যানিশিং পাউডার। অনেককে ধমকেছে। বলছেন, মে মাসের পরও অ্যাকশন নেবেন।
আমি বলি, মে মাসের পর আপনি থাকবেন তো চেয়ারে? শুনলাম, আজ নাকি বৈঠকে বাংলার অফিসারদের থ্রেট করেছেন। সাহস থাকা ভালো দুঃসাহস ভালো না। ভোটের আগে ভোট কেড়েছেন আপনারা। এআই দিয়ে ভোটারদের নাম-ঠিকানা কেটেছেন। আপনার ব্রেনও ওই এআই খাবে।’









