রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে গরম। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। গলদঘর্ম অবস্থাতেই চলবে ভোটের প্রচার।
আরও পড়ুনঃ কালিয়াচক কাণ্ডে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের, তদন্তে NIA
আবহাওয়াবিদরা যদিও বলছেন, এ বছর গ্রীষ্ম কিছুটা বিলম্বিত তবে এপ্রিল মাস পড়তে না পড়তেই বাংলায় গরম শুরু হয়ে গিয়েছে। ভোটের উত্তাপ যত বাড়ছে, ততই যেন তেজ বাড়ছে রোদেরও। আগামী সপ্তাহেই ৪ থেকে ৬ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গরমের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতাও। অর্থাৎ গলদঘর্ম হয়েই প্রচার সারতে হবে ভোটপ্রার্থীদের, আবার প্যাচপ্যাচে গরমের মধ্যে ভোটের লাইনে দাঁড়াতে হবে ভোটারদেরও।
আলিপুর আবহাওয়া দফতর লু নিয়েও বিশেষ সতর্কতা জারি করেছে। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে না-বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের উপর দিয়ে আপাতত কিছু দিন শুষ্ক পশ্চিমি এবং উত্তর-পশ্চিমি বায়ু বইবে। ফলস্বরূপ ৪ এপ্রিল পর্যন্ত বেশ কিছু জেলায় উষ্ণ, আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
আরও পড়ুনঃ দু চারটে ইন্দ্রপতন হতেই পারে; কমিশনের লাভ কী হল!
বৃষ্টির জেরে কয়েকদিন স্বস্তিতে কাটালেও এবার ফের গরমের দাপট বাড়ার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। টানা ঝড়-বৃষ্টির পর্ব শেষের পথে, আর তার জায়গা নিতে চলেছে উষ্ণ ও শুষ্ক আবহাওয়া, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি তাপমাত্রা বেশি থাকার ইঙ্গিত রয়েছে হাওয়া অফিসের ওয়েদার বুলেটিনে। আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ হবে ৭০ থেকে ৮০ শতাংশ। উপকূল সংলগ্ন জেলাগুলিতে তা বেড়ে যাবে ৮০-৯০ পর্যন্ত।
৩ এপ্রিল এবং ৪ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান বীরভূম এবং পুরুলিয়ায় আবহাওয়া উষ্ণ থাকবে। কলকাতাতেও সতর্কতা রয়েছে গুমোট গরমের। শিশু এবং বয়স্কদের বাড়তি সমস্যা হতে পারে বলে সাবধানও করেছে আবহাওয়া দফতর। বেশি করে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



