একদিকে ভোট, অন্যদিকে গরম; দুইয়ে মিলে পারদ চড়েছে দক্ষিণবঙ্গে । আর্দ্রতাজনিত অস্বস্তিতে প্রাণ ওষ্ঠাগত । এবার গরমে হাঁসফাঁস করা দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির বার্তা ৷ পাহাড় থেকে সমতলে ঝড়বৃষ্টির দেখা মিলবে ৷ রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনের আগে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । ইতিমধ্যে রাজ্যে বৃষ্টি পরিস্থিতি তৈরি হয়েছে । সোমবার দিনের বেশিরভাগ সময় আকাশ ছিল মেঘলা । হাওয়ায় জলীয় ভাব যথেষ্ট । ফলে সর্বোচ্চ তাপমাত্রার পতন হয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী চার থেকে পাঁচ দিন ঝড়বৃষ্টি বাড়বে । আজ, মঙ্গলবার দিনের আকাশ মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ এবং ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুনঃ শুধু একটু জমায়েতের খবর ছিল, সাঁজোয়া গাড়ি নিয়ে একেবারে হাজির CRPF
কেন বঙ্গের আকাশে দুর্যোগ ?
বর্তমানে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা এবং বায়ুমণ্ডলের উচ্চস্তরে পশ্চিমী বায়ুপ্রবাহের প্রভাবে আগামী ক’য়েকদিন পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বজ্রঝড়ের প্রবণতা বাড়বে ।
আগামী 4-5 দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া ?
- আজ বর্ধমান, নদিয়া ও দুই ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ বাড়বে ।
- আগামিকাল বুধবার রাজ্যের সাতটি জেলার ১৪২টি কেন্দ্রে ভোট । এদিনও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
- বৃহস্পতিবার প্রায় সব জেলায় ব্যাপকভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে । হাওড়া, হুগলি, কলকাতা, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ঝোড়ো হাওয়া বইবে এবং কিছু জেলায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে ।
- ১ মে অর্থাৎ শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টি পরিস্থিতি বজায় থাকবে রাজ্যজুড়ে । সপ্তাহান্তে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমলেও কিছু জায়গায় বজ্রপাত-সহ ঝড় হতে পারে ৷
আরও পড়ুনঃ গ্যাস আর মিলবে না; তাও আজ রাত থেকেই! গ্যাস নিয়ে বড় খবর
আগামী ৪-৫ দিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া ?
- উত্তরবঙ্গে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির তীব্রতা আরও বাড়বে ।
- বিশেষ করে আগামী পরশু অর্থাৎ ৩০ এপ্রিল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে । পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে ।
- ১ ও ২ মে’ও উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে ।
- ৩ মে পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত-সহ ঝড়ের সম্ভাবনা থাকবে উত্তরে ৷
রবিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৬ ও সর্বনিম্ন ৬৯ শতাংশ ।


