বারুইপুরে নাবালিকার ধর্ষণ-খুনের ঘটনার পাশাপাশি গণপিটুনিতে এক ‘নির্দোষ’ যুবকের মৃত্যুতেও কড়া শাস্তির বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গণপিটুনির মামলায় যুক্ত করা হবে বলে তিনি জানান। যারা ভাঙচুর চালিয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ২০০ জনকে সনাক্ত করা হয়েছে। কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। মঙ্গলবার বারুইপুরে নাবালিকার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করেন। পরিবার আশ্বস্ত হয়েছে বলে তাঁর দাবি।
আরও পড়ুনঃ বাঙালির মাথা হেঁট করলেন শীতলকুচির বিজেপি কর্মীরা! সাহসীকতার পরিচয় দিলেন CPI(M)-এর ক্যাপ্টেন মীনাক্ষী
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুর কড়া বার্তা, “আমরা শুধু বারুইপুরের ঘটনা নয়, এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার ব্যবস্থা করব। সব থানার IC, OC দের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার এবং পুলিশ যা করার করছে। আমার সঙ্গে নির্যাতিতা ছোট্ট কন্যা সন্তানের পরিবারের সঙ্গে কথা হয়েছে। আমি সন্তুষ্ট। মনে হয় তাঁরাও সন্তুষ্ট। প্রাথমিকভাবে পুলিশ যা বলেছে, গণপিটুনিতে যাঁকে মারা হয়েছে তিনিও নির্দোষ। তাঁর নাম ইন্দ্রজিৎ মণ্ডল। তাঁর পরিবারের সঙ্গেও কথা বলেছি। তিনিও বিচার পাবেন। রেল লাইন উপড়েছেন, পুলিশের গাড়ি ভেঙেছেন কাউকে ছাড়া হবে না। ২০০ জনকে সনাক্ত করা হয়েছে। পিছন থেকে যে সমস্ত রাজনৈতিক দলগুলো উস্কেছেন তাদেরও সনাক্ত করা হয়েছে। দেশবিরোধী শক্তিরও উস্কানি রয়েছে। কল রেকর্ড মিলেছে। চারজন এখনও পর্যন্ত ধরা পড়েছে। আর একজনকে ধরতে হবে।”
আরও পড়ুনঃ লুঠে নেওয়া হত গরিবদের! ভয়ঙ্কর অভিযোগ অভিষেকের নামে
এই দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি একসপ্তাহ পর দু’টি পরিবারের সঙ্গেই কথা বলব। তখন সরকার যা করেছে তা দেখতে পাবেন।”
তিনি এও জানান, “আমি বিরোধী দলের সাংসদ সায়নী ঘোষকে বলেছিলাম, তিনি এসেছিলেন। পরিবারের সঙ্গে কথা বলেছেন। তাঁরাও আশ্বস্ত হয়েছেন।”
তাঁর কড়া বার্তা, “আমি মুখ্যমন্ত্রীত্ব দায়িত্বের পর আর জি করে তিনজন আইপিএসকে সাসপেন্ড করেছি। এই ঘটনায় গণপিটুনিতে যারা মেরেছেন তাদেরও গ্রেফতার করা হবে।”
নাবালিকার ধর্ষণ-খুনের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ তিনজনকে গ্রেফতার করেছে। আরও এক অভিযুক্তের খোঁজ চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। ধর্ষণ-খুনের মামলার পাশাপাশি গণপিটুনি, পুলিশ আক্রান্ত হওয়া এবং রেল অবরোধের ঘটনাতেও পৃথক মামলা দায়ের হয়েছে।


