কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
শিলিগুড়ি কলেজে ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মূল অভিযুক্ত শেষমেশ পুলিশের হাতে ধরা দিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পুলিশি তৎপরতার মুখে পড়ে শিলিগুড়ি থানায় আত্মসমর্পণ করেন টিএমসিপি নেতা সৌরভ ভাস্কর। তবে বৃহস্পতিবার আদালতে তাঁর জামিন মঞ্জুর হতেই আদালত চত্বরে ছড়িয়ে পড়ে তীব্র বিশৃঙ্খলা ও উত্তেজনা।
আরও পড়ুনঃ “সরকার বদলে দেব”; কড়া হুমকি CJP প্রধানের
আদালত চত্বরে ডিম বৃষ্টি ও হামলা: সৌরভ ভাস্করকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে জামিনে মুক্তির নির্দেশ দেন। জামিনের খবর ছড়িয়ে পড়তেই আদালত চত্বরে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত এবিভিপি কর্মী-সমর্থকেরা। অভিযোগ, জামিন পেয়ে আদালত ভবন থেকে বেরোনোর সময় সৌরভকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়।
তৃণমূল যুব নেতার মাথা ফাটল: পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আদালত চত্বরেই তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি প্রমিত দেবের ওপর আচমকা হামলা চালানো হয়। তৃণমূলের জেলা সভাপতি কুন্তল রায় জানান, প্রমিতবাবু গাড়ি নিয়ে আদালত এলাকা ছেড়ে যাওয়ার সময় একদল দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়।
আহত প্রমিত দেবের অভিযোগ:
“প্রায় ৩০ থেকে ৩৫ জন এবিভিপি সমর্থক হঠাৎ আমার গাড়ি ঘিরে ধরে। হেলমেট ও পাথর দিয়ে আমার মাথায় বেধড়ক মারধর করা হয়। রক্তাত অবস্থায় আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথায় বেশ কয়েকটি সেলাই পড়ে।”
আরও পড়ুনঃ উত্তরবঙ্গ মেডিক্যালের হাল ফেরাতে কড়া পদক্ষেপ
আদালত চত্বরে পুলিশি নিরাপত্তায় প্রশ্ন: দিনের আলোয় আদালতের মতো উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন বর্বরোচিত হামলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। যদিও তৃণমূলের তোলা হামলার অভিযোগ নিয়ে এবিভিপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চালাচ্ছে পুলিশ।
ঘটনার পেছনের ইতিহাস: উল্লেখ্য, গত ২৫ মে শিলিগুড়ি কলেজে নতুন ছাত্র ভর্তিকে কেন্দ্র করে হেল্পডেস্ক বসানো নিয়ে টিএমসিপি ও এবিভিপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সেই ঘটনায় বেশ কয়েকজন ছাত্র রক্তাক্ত হন। এবিভিপির দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ আগেই বিশ্বজিৎ সরকার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল। মূল অভিযুক্ত সৌরভ ভাস্কর এতদিন পলাতক থাকলেও অবশেষে আত্মসমর্পণ করে জামিন পেলেন, যার জেরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির রাজনীতি।


