ব্যস্ততম কাজের দিনে সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় নিকাশি নালায় ধসের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, স্টেশন থেকে বেরিয়ে কিছুটা এগোলেই থাকা একটি বহু পুরনো নিকাশি নালা ধসে যাওয়ায় তার ঠিক উপরের রেললাইনের একাংশ বসে গিয়েছে এবং নিচের জলের পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত অংশটি লুপ লাইন হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে রেল সূত্র।
আরও পড়ুনঃ সাতসকালে উত্তরবঙ্গে ভয়াবহ ভূমিকম্প; আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় মানুষ
কীভাবে ঘটল এই ঘটনা? স্থানীয় সূত্রে খবর, বহু বছর পুরনো ওই নিকাশি নালায় গত রবিবার প্রথম ধস নামে। এরপর গত দু’দিনে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়ে। নালা ধসে যাওয়ার জেরে উপরের রেললাইনের একাংশ নিচের দিকে বসে যায় এবং নিচে থাকা জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়।
যাত্রীদের উদ্বেগ ও রেলের আশ্বাস ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অফিস টাইমে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় যাত্রীদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়। তবে রেলের তরফে স্পষ্ট করা হয়েছে, ক্ষতিগ্রস্ত লাইনটি মূল লাইন নয়, বরং একটি লুপ লাইন। সে কারণেই যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে এবং ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না।
আরও পড়ুনঃ পুরসভার ভ্যাট ভেঙে রাস্তা-ফুটপাথ দখল করে পার্টি অফিস নির্মাণের অভিযোগ বিজেপির বিরুদ্ধে; ঘোলায় ক্ষোভ
যৌথ উদ্যোগে মেরামতির কাজ খবর পাওয়ার পর সোমবার রাত থেকেই পুরসভা এবং রেলের যৌথ উদ্যোগে মেরামতির কাজ শুরু হয়েছে। ধসে যাওয়া নিকাশি নালা, ক্ষতিগ্রস্ত জলের পাইপলাইন এবং বসে যাওয়া রেললাইনের অংশ দ্রুত সারিয়ে তোলার কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে।


