মহিলাদের বিনামূল্যে বাস যাত্রার অনলাইন টিকিট বুকিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও কারসাজি রুখতে বড়সড় পদক্ষেপ করল পরিবহন দফতর। এবার থেকে অনলাইনে মোট আসনের মাত্র ৩০ শতাংশ টিকিট বুক করা যাবে এবং বাকি আসনের টিকিট বাসে উঠে কাটতে হবে। পাশাপাশি, পরপর একই আধার কার্ড ব্যবহার করে তিনবারের বেশি বুকিং করা হলে সেই আধার কার্ডটি টানা ছ’মাসের জন্য লক করে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। অন্যদিকে, বেসরকারি বাস মালিকদের দাবির প্রেক্ষিতে বাস ভাড়া বৃদ্ধির বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি।
কেন এই কড়াকড়ি? মন্ত্রীর অভিযোগ পরিবহন মন্ত্রীর অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে অনলাইনে মহিলা যাত্রীদের ১০০ শতাংশ টিকিট আগাম বুক করে রাখছিল। এর ফলে একদিকে যেমন সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছিল, তেমনই প্রকৃত ও সাধারণ যাত্রীরা পরিষেবা থেকে বঞ্চিত হয়ে চরম হেনস্থার শিকার হচ্ছিলেন। অর্জুন সিংয়ের দাবি, গত ছ’মাসে এই কারসাজির জেরে দফতরের বড়সড় আর্থিক ক্ষতি হয়েছে; তবে কড়া পদক্ষেপ নেওয়ার পর পরিবহন দফতর ১৮ শতাংশ লাভের মুখ দেখেছে।
নির্দিষ্ট আধার কার্ড ব্যবহার করে বারবার টিকিট বুক করার প্রবণতা রুখতেই নতুন এই নিয়ম চালু করা হয়েছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, “সেকু-মাকুরা মহিলাদের ১০০ শতাংশ টিকিট অনলাইনে বুক করে রাখছে! এর ফলে সরকারের আর্থিক ক্ষতি যেমন হচ্ছে, তেমনই সাধারণ যাত্রীরাও হেনস্থা হচ্ছেন।”
আরও পড়ুনঃ বাদ দিতে হবে অন্ডকোষ! বয়স কমে যাবে আপনাআপনি, বাড়বে আয়ু
বাস ভাড়া বৃদ্ধির ইঙ্গিত, তবে ন্যূনতম ১৮ টাকা চূড়ান্ত নয় এদিন বাস ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়েও মুখ খোলেন পরিবহন মন্ত্রী। বেসরকারি বাস মালিকদের সংগঠনের তরফে ভাড়া বৃদ্ধির আবেদন জানানো হয়েছে। জ্বালানি তেলের দাম, গাড়ির রক্ষণাবেক্ষণ এবং চালক ও কর্মীদের বেতন-ভাতা বৃদ্ধির প্রসঙ্গ টেনে অর্জুন সিং জানান, বর্তমান পরিস্থিতিতে সঠিক পরিষেবা বজায় রাখতে গেলে ভাড়া বাড়ানো যুক্তিযুক্ত।
তবে বাসে উঠলেই ন্যূনতম ১৮ টাকা ভাড়ার যে প্রস্তাব বেসরকারি বাস মালিকেরা দিয়েছেন, তা এখনই চূড়ান্ত হয়নি বলে স্পষ্ট করেছেন মন্ত্রী। বিষয়টি বর্তমানে বিবেচনাধীন রয়েছে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সেরে খুব শীঘ্রই একটি ন্যায্য ও গ্রহণযোগ্য বাস ভাড়ার হার নির্ধারণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।


