নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ। ‘ককরোচ’দের আন্দোলনের আঁচ এবার কলকাতায়। বাম পড়ুয়াদের মিছিলে গোটা শহর অবরুদ্ধ। মিছিলের একটা মাথা শিয়ালদহ, আরেকটা মাথা তালতলায়।

এবার কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সাংবাদিকদের সামনে তিনি বললেন, “দেশবিরোধী শক্তি বাংলা থেকে উপড়ে ফেলব।”
আরও পড়ুনঃ ফাটল আন্দোলনে, আরশলার সঙ্গে মতপার্থক্য সোনম ওয়াংচুকের
মুখ্যমন্ত্রী বলেন, “মিছিলের কোথাও কোনও দেশ বিরোধী স্লোগান করে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। দেশ স্বাধীনতা পেয়েছে ১৯৪৭ সালেই। আজাদি আজাদি করেগা, উল্টা-সিধা করেগা তো, এ সব নেহি চলেগা। বাকি গণতান্ত্রিক অধিকার রয়েছে স্লোগান তোলার। সেটা করতে কোনও বাধা নেই। দেশবিরোধী কিছু হলে আমার ওপর ছেড়ে দিন। বাংলা থেকে দেশবিরোধী শক্তি একেবারে উপড়ে ফেলব। একটু সাবধানে চলুন। আমি কাজ করছি। এমন উচিত শিক্ষা দেব, কাজ করবে। ”

আরও পড়ুনঃ বিতর্ক বাড়ল, বিড়ম্বনা বাড়ল! আন্দোলনকারীদের পাশে বিজেপির প্রবীণ নেতা
শুক্রবার কলকাতায় ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করতে চেয়েছিল ককরোচ জনতা পার্টির কলকাতার সদস্যরা। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। শিয়ালদহ থেকে মিছিল বার করে বামেদের ৮টি ছাত্র সংগঠন। দুপুর বারোটার পর জমায়েত শুরু হয়।

ঘণ্টা খানেকের মধ্যে বন্ধ করে দেওয়া হয় শিয়ালদহ ব্রিজ। বিকাল তিনটের সময়ে মিছিলের বহর বাড়ে কয়েক গুণ। মিছিলের এক প্রান্ত ততক্ষণে তালতলা পেরিয়ে গিয়েছে। বিকাল চারটে গোটা ধর্মতলা স্তব্ধ। চারটের পরও শিয়ালদহ স্টেশন থেকে আরও লোক বের হতে থাকে। মিছিলে তখন র্্যাপ-স্লোগান। কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রয়েছে বিশাল বাহিনী।


