স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে পদক জিতলেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার (Jhandu Kumar)। পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিং বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। এই সাফল্যের পর দেশজুড়ে যেমন শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে, তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সামাজিক মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুনঃ ভারতের মিশ্র সাফল্য, সাঁতারে সেমিফাইনালে শ্রীহরি নটরাজ
ঝান্ডু কুমারের সাফল্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
সামাজিক মাধ্যম ‘এক্স’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ঝান্ডু কুমারের এই সাফল্য শুধু একটি পদক জয় নয়, বরং তাঁর অদম্য মানসিক শক্তি, কঠোর পরিশ্রম এবং বছরের পর বছর ধরে নিয়মিত অনুশীলনের ফল।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, “পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিং ইভেন্টে ব্রোঞ্জ জিতে ঝান্ডু কুমার কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক তালিকার সূচনা করেছেন। তাঁকে আন্তরিক অভিনন্দন। প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চে দেশের সম্মান বাড়িয়েছেন এবং অসংখ্য ভারতীয়কে অনুপ্রাণিত করেছেন।”
আরও পড়ুনঃ ‘শুক্রবারিরা চিহ্নিত’, সাংবাদিক নিগ্রহে কড়া শুভেন্দু
প্রথম পদক জিতে আবেগপ্রবণ ঝান্ডু
ব্রোঞ্জ পদক জয়ের পর সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ঝান্ডু কুমার বলেন, এটি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম বড় পদক এবং প্রতিযোগিতার সময় তাঁর মাথায় একটাই লক্ষ্য ছিল—যেভাবেই হোক পদক জিততে হবে।
তিনি বলেন, “এটাই আমার প্রথম পদক। মনে শুধু একটাই কথা ঘুরছিল—পদক জিততেই হবে। এখন মনে হচ্ছে যেন আকাশে উড়ছি। আমার সব কোচের কাছে আমি কৃতজ্ঞ। তাঁদের পরিশ্রম, ভালোবাসা এবং প্রশিক্ষণ ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। ভবিষ্যতে আরও ভালো ফল করার চেষ্টা করব।”
১৯০ কেজি ওজন তুলে ব্রোঞ্জ নিশ্চিত
প্রতিযোগিতায় ঝান্ডু কুমার সফলভাবে ১৯০ কেজি ওজন তুলে ১৩০.৯ পয়েন্ট সংগ্রহ করেন, যা তাঁকে ব্রোঞ্জ পদক এনে দেয়। শেষ প্রচেষ্টায় তিনি ১৯৬ কেজি ওজন তোলার চেষ্টা করলেও সফল হননি। তবুও তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে কমনওয়েলথ গেমসে ভারতের পদক অভিযান শুভ সূচনা পেল।


