কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
প্রতিবেশী দেশ নেপালে নতুন একটি বাংলাদেশী ছবির শুটিং করতে গিয়ে প্রবল প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্ত লাগোয়া রাসুয়া জেলায় বিধ্বংসী হড়পা বানের (Flash Flood) জেরে রাস্তাঘাট ও সেতু ভেসে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে নির্ধারিত বিমান মিস করে নেপালেই আটকে পড়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ অন্ধকারে ডুবতে বসেছে নেপাল; ভূমিকম্পের ধাক্কায় নেপালে ফাটল ‘জলবোমা’!
‘বঙ্গ বার্তা’-কে ফোনে কী জানালেন খরাজ মুখোপাধ্যায়?
শুটিং শেষ হলেও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে নির্ধারিত বিমান ধরতে না পারার কথা ‘বঙ্গ বার্তা’-কে ফোনে নিশ্চিত করেছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। বর্তমানে তিনি, তাঁর স্ত্রী এবং সহ-শিল্পীরা হোটেলেই নিরাপদে রয়েছেন।
-
বিকল্প রুট গোরক্ষপুর: কাঠমান্ডু যাওয়ার রাস্তা বন্ধ থাকায় তাঁরা বিকল্প সড়কপথে ভারতের গোরক্ষপুর পৌঁছানোর পরিকল্পনা করছেন। সেখান থেকে ২৮ তারিখের সরাসরি বিমান ধরে কলকাতায় ফিরবেন।
-
শুটিংয়ে বৃষ্টির বাধা: ২০ আগস্ট নেপাল পৌঁছানোর পর থেকেই আবহাওয়ার চরম অবনতি ঘটে। টানা বৃষ্টির মধ্যেই নানা প্রতিকূলতা পেরিয়ে শুটিং শেষ করতে হয়েছে।
আরও পড়ুনঃ নেপালের বিপর্যয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী; চালু হেল্পলাইন
রাসুয়া জেলায় তাণ্ডব ও নিখোঁজ শতাধিক ভারতীয়
-
মৃতের সংখ্যা বেড়ে ২২: ভোতে কোশি নদীর আচমকা প্লাবনে স্যাফ্রুবেশি ও তিমুরে এলাকায় বাজার, রাস্তা ও জলবিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের।
-
নিখোঁজ ৩৮৪ পর্যটক: নেপাল ট্যুরিজম বোর্ডের প্রাথমিক হিসাব অনুযায়ী, ১০৫ জন ভারতীয় সহ মোট ৩৮৪ জন পর্যটক নিখোঁজ।
-
ব্যাহত উদ্ধারকাজ: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে উদ্ধারকারী হেলিকপ্টার চলাচলেও চরম ব্যাঘাত ঘটছে।
আপাতত হোটেলে সুরক্ষিত থেকেই বিকল্প পথে দেশে ফেরার মরিয়া চেষ্টা চালাচ্ছেন খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও পুরো শুটিং টিম।


