কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ও হড়পা বানে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮০ ছুঁয়েছে। এই প্রাণঘাতী বিপর্যয়ের জেরে নেপালে আটকে ও নিখোঁজ হয়ে গিয়েছেন ৩০০-র বেশি ভারতীয় পর্যটক। সেই তালিকায় রয়েছেন কলকাতার ৩২ জন পর্যটকের একটি দল, যার মধ্যে রয়েছেন প্রবীণ রাজনীতিক মুকুল রায়ের পুত্রবধূ তথা শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়। ঘটনার পর থেকেই কাঁচরাপাড়ার ঘটক রোডের রায় পরিবারে নেমে এসেছে চরম উদ্বেগের ছায়া।
মানস সরোবর যাত্রার পথেই দুর্ঘটনা
-
স্বপ্নের সফর: শর্মিষ্ঠাদেবী দীর্ঘদিন ধরেই মানস সরোবর দর্শনের স্বপ্ন দেখছিলেন। কলকাতার একটি পর্যটন সংস্থার মাধ্যমে গত ২১ অগাস্ট কাঁচরাপাড়ার বাড়ি থেকে তিনি রওনা দেন।
-
শেষ যোগাযোগ: বুধবার দুপুরে স্বামী শুভ্রাংশু রায়ের সঙ্গে শেষবার ফোনে কথা হয় তাঁর। শর্মিষ্ঠাদেবী জানিয়েছিলেন, তাঁরা মানস সরোবরের অভিমুখে এগোচ্ছেন। তার পর থেকেই নেপালে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরও পড়ুনঃ বড়দিনের অ্যালেন পার্কে ইতিহাস গড়ার তোড়জোড়; প্রথমবার হতে চলেছে দুর্গাপুজো
উদ্বেগে পরিবার ও নেপাল দূতাবাসের সঙ্গে যোগাযোগ
সংসার ও পারিবারিক ব্যবসা সামলানো শর্মিষ্ঠাদেবীর দুই সন্তান এখন মায়ের ফেরার পথ চেয়ে ব্যাকুল হয়ে বসে রয়েছে। শুভ্রাংশু রায় জানিয়েছেন, স্ত্রীর খোঁজে এবং তাঁকে দ্রুত নিরাপদে ফিরিয়ে আনতে তিনি লাগাতার নেপাল দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
উদ্ধার কাজে বাধার প্রাচীর
ধস, কাদা-পাথরের স্তূপ এবং ভাঙা রাস্তা ও সেতুর কারণে দুর্গত এলাকায় পৌঁছাতে উদ্ধারকারী দলকে চরম বেগ পেতে হচ্ছে। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উৎকণ্ঠা ও উদ্বেগে প্রহর গুনছেন নিখোঁজ ভারতীয়দের স্বজনেরা।


